বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা: ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i114660-বিএনপির_নতুন_কর্মসূচি_ঘোষণা_ওবায়দুল_কাদেরের_প্রতিক্রিয়া
দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ১৮, ২০২২ ১৫:৩৮ Asia/Dhaka
  • বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা: ওবায়দুল কাদেরের প্রতিক্রিয়া

দেশব্যাপী ধরপাকড়, মিথ্যা মামলা, গ্রেপ্তার, নেতাকর্মীদের কারাগারে পাঠানো, পুলিশি হামলা ও নির্যাতনের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির উদ্যোগে আগামী বৃহস্পতিবার ঢাকা মহানগরসহ সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হবে।

নয়াপল্টনে আজ (মঙ্গলবার) দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

গত এক মাসে রাজধানীর বিভিন্ন এলাকায় ১৬টি বড় ধরনের সমাবেশ করেছে বিএনপি। এরপরেই ১০টি বিভাগীয় সমাবেশ করার কর্মসূচি ঘোষণা করে দলটি। গত ১২ই অক্টোবর চট্টগ্রামের গণসমাবেশের মধ্যদিয়ে শুরু হয়েছে বিভাগীয় পর্যায়ের এ কর্মসূচী। আগামী দুইমাস ব্যাপী চলবে বিভাগীয় এ সমাবেশ। ১০ই ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশের মাধ্যমে শেষ হবে ইতিমধ্যে ঘোষিত কর্মসূচি।

সরকারের পদত্যাগ, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়ার মুক্তিসহ একগুচ্ছ দাবিতে ২০ দলীয় জোট শরিক জমিয়তে উলামায়ে ইসলাম (একাংশ) ও এনডিপির সঙ্গে যুগপৎ আন্দোলনে একমত হয়েছে বিএনপি। আজ (মঙ্গলবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দল দুটির সঙ্গে দ্বিতীয় দফার পৃথক সংলাপ শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান দাবিগুলো নিয়েই ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করবে বিএনপি। সেখান থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে। তবে মহাসমাবেশ নিয়ে কোনো বাধা-বিপত্তি আসলে পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। 

ফখরুল বলেন, ‘শত বাধা-বিপত্তি সত্ত্বেও চট্টগ্রাম এবং ময়মনসিংহে সমাবেশে জনতার ঢল নেমেছে। এ কারণে সরকারের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।’

তিনি বলেন, ‘ময়মনসিংহ সমাবেশের পূর্বের রাতে অঘোষিত কারফিউ জারি করা হয়েছে। রাতে ককটেল, গুলিবর্ষণ করেও কোনো বাধার সৃষ্টি করতে পারেনি। উল্টো পুলিশকে ব্যবহার করে আমাদের চার শ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এভাবে দমন করে, গুলি করে, হত্যা করে, গুম করে কোনোদিনই ক্ষমতায় টিকে থাকা যাবে না, যতই তারা শক্তিশালী হোক।’

ওবায়দুল কাদের

বিএনপির হাতে বাংলাদেশ নিরাপদ নয়: কাদের

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির হাতে দেশের গণতন্ত্র ও আইন ব্যবস্থা নিরাপদ নয়। দলটি এ দেশের রাজনীতির বিষফোঁড়া।’

আজ (মঙ্গলবার) বনানী কবরস্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন এবং দোয়া মাহফিলে অংশ নিতে এসে ওবায়দুল কাদের  সাংবাদিকদের নিকট এমন মন্তব্য করেন।

এ ছাড়া দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, জনগণ যতদিন চাইবে আওয়ামী লীগ ততদিনই ক্ষমতায় থাকবে।  আওয়ামী লীগ কখনো অন্যের শক্তি-সামর্থ্য দেখে বিচলিত হওয়ার দল নয়।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাজধানীতে অপর এক অনুষ্ঠান হানিফ বলেন, ‘ষড়যন্ত্রের কাছে পরাজিত হবার পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের রেকর্ডও আওয়ামী লীগের আছে। শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসবে।’

বিরোধী দলীয়সুত্রে জানা গেছে, ১০ই ডিসেম্বরে ঢাকায় মহাসমাবেশে থেকেই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা আসতে পারে। সূচনা হতে পারে অন্যান্য বিরোধী দলকে সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের। ওই আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করতে কাজ করছেন নেতারা। যেসব দাবিতে আন্দোলন হবে তাও প্রস্তুত করা হচ্ছে। তবে বিএনপি’র কেন্দ্রীয় নেতারা জানিয়েছেন, মূলত আন্দোলন হবে এক দফার। সরকারের পদত্যাগের দাবির  আন্দোলনে আরও কিছু বিষয় এবং দেশবাসীর উদ্দেশ্যে  নিজেদের প্রতিশ্রুতি থাকবে।

বিএনপি আশঙ্কা করছে ১০ ডিসেম্বরের সমাবেশের অনুমতি দেয়া না দেয়া নিয়ে জটিলতা হতে পারে। আগেভাগে পরিবহন বন্ধ করে দেওয়া হতে পারে। সরকারি দল পালটা সমাবেশ ডেকে সমস্যা তৈরির চেষ্টা করতে পারে। সরকারের পক্ষ থেকে  এসম সম্ভাব্য প্রতিবন্ধকতার  বিষয় মাথায় রেখেই বিএনপি নেতাকর্মীরা তাদের করণীয় ঠিক করবেন বলে নেতারা জানিয়েছেন। তারা বলছেন, এবার সরকারের এসব পুরোনো কোনো কৌশলই আর কাজে আসবে না। নতুন কোনো কৌশল নিলে বিএনপি নেতাকর্মীরা সে ফাঁদে পা দেবে না।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/আশরাফুর রহমান/১৮