জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করতে সৌদি জোটে যুক্ত হয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i12673-জঙ্গিবাদ_ও_সন্ত্রাস_দূর_করতে_সৌদি_জোটে_যুক্ত_হয়েছে_বাংলাদেশ_প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে ঘোষণা করেছেন বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। সব সময় আমাদের একটা সন্ত্রাসবিরোধী ভূমিকা রয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
জুন ২২, ২০১৬ ১০:২৬ Asia/Dhaka
  • জাতীয় সংসদে প্রধানমন্ত্রী (ফাইল ফটো)
    জাতীয় সংসদে প্রধানমন্ত্রী (ফাইল ফটো)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতীয় সংসদে ঘোষণা করেছেন বাংলাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দেব না। সব সময় আমাদের একটা সন্ত্রাসবিরোধী ভূমিকা রয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে হুইপ শহিদুজ্জামান সরকারের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সকাল ১০টা ৩৫ মিনিটে জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নকর্তা শহিদুজ্জামান প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, জঙ্গি তৎপরতায় আজ গোটা মুসলিম উম্মাহ জর্জরিত। জঙ্গি তৎপরতা রোধ করার জন্য মুসলিম উম্মাহকে জাগিয়ে তোলার কোনো প্রয়াস ইতিমধ্যে গ্রহণ করেছেন কি না? না করে থাকলে আগামী দিনে কোনো উদ্যোগ নেয়ার প্রয়াস আছে কি না?

প্রধানমন্ত্রী জবাবে বলেন, ‘সব সময় আমাদের একটা সন্ত্রাসবিরোধী ভূমিকা রয়েছে। কোনোমতেই আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসকে প্রশ্রয় দেব না। এটা সিদ্ধান্ত নিয়েছি। তাই মুসলিম উম্মাহকে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াবার আহ্বান সব সময় জানিয়েছি। ওআইসি সম্মেলনে যতবার গিয়েছি ততবারই এই প্রশ্নটা তুলেছি এবং আহ্বান করেছি। ওআইসি মহাসচিবের সঙ্গে যখনই দেখা হয়েছে তখনই আমি এই কথাটি বলেছি।’

সৌদি আরব জোটে বাংলাদেশের যোগদানের কথা তুলে ধরে তিনি বলেন, ‘সৌদি আরব একটা উদ্যোগ নিয়েছে জঙ্গিবাদ ও সন্ত্রাস দূর করার জন্য। এটি একটি ইসলামিক জোট। সেই জোটে বাংলাদেশ যুক্ত হয়েছে। প্রায় ৪০টি দেশ এতে যুক্ত হওয়ার ফলে আজকে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে গোটা মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং সেই সুযোগ বাংলাদেশেরও আছে।’

তিনি বলেন, ‘জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার জন্য যা যা করণীয়, বাংলাদেশ তা করবে। যা ইতিমধ্যে আমি সৌদি বাদশাহকেও জানিয়েছি, অন্যান্য মুসলিম দেশ এবং ওআইসিকেও জানিয়েছি। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আজকে যে সমস্ত ঘটনা ঘটছে, এই ধরনের ঘটনা যেন না ঘটে। ইসলাম শান্তির ধর্ম। এই শান্তির ধর্মের সম্মানকে আমরা যেন আরো উচ্চ শিখরে নিতে পারি, সেই প্রচেষ্টাও আমাদের অব্যাহত থাকবে।’

ভিন্ন এক প্রশ্নের জবাবে প্রধান মন্ত্রী বিশ্ববাসীর কাছে বাংলাদেশের শান্তিপ্রিয় ভাবমূর্তি বজায় রাখতে দেশের সকল নাগরিকের প্রতি আহ্বান জানিয়েছেন

চট্টগ্রাম-১২ আসনের সদস্য সামশুল হক চৌধুরীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববাসীর কাছে বাংলাদেশের শান্তিপ্রিয় ভাবমূর্তি বজায় রাখতে আমি দেশের সকল নাগরিকের প্রতি সংযত ও দায়িত্বশীল আচরণ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২