ব্রিটেনে পলাতক যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনতে শিগগিরই আলোচনা
-
বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ছবি)
ব্রিটেনে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত দুই যুদ্ধাপরাধীকে দেশে ফেরাতে দেশটির সঙ্গে শিগগিরই আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। বাংলাদেশ সফরকারী ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্টের সঙ্গে রোববার সচিবালয়ে বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, 'সাজাপ্রাপ্ত দুজন যুদ্ধাপরাধী ব্রিটেনে আছে। এই দুই যুদ্ধাপরাধীকে ফেরত আনার ব্যাপারে আলাপ-আলোচনা করার জন্য আমি ব্রিটিশ মন্ত্রীকে অনুরোধ করেছি। তিনি বলেছেন, তারা আলোচনা করতে আগ্রহী এবং সেই আলোচনা খুব শিগগিরই শুরু হবে।
'যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত আনার বিষয়ে আসন্ন সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে আলোচনা হবে কি না- এমন প্রশ্নে আনিসুল হক বলেন, 'সেটা এখনও জানি না, কারণ এজেন্ডা পররাষ্ট্র মন্ত্রণালয় তৈরি করছে।'
তিনি আরো বলেন, 'তবে এটুকু বলতে পারি, যখনই আমাদের সঙ্গে আমেরিকার উচ্চপদস্থ কোনো কর্মকর্তার আলাপ-আলোচনা হয়, তখই আমরা রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে তাদেরকে অনুরোধ জানাই। স্বাভাবিকভাবে জন কেরির সফরে বিষয়টি উত্থাপিত হতে পারে বলে তিনি মন্তব্য করেন।
যৌথ সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন, বিশেষ করে স্বাস্থ্য ও শিক্ষাখাতের উন্নয়নের জন্য এদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে ব্রিটিশ মন্ত্রী ররি স্টুয়ার্ট বলেন, বিশ্বে উন্নয়নের প্রকৃত উদাহরণ বাংলাদেশ।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯