মীর কাসেম আলীর রিভিউ খারিজ, মৃত্যুদণ্ড বহাল: প্রতিক্রিয়া বিভিন্নমহলের
https://parstoday.ir/bn/news/bangladesh-i18667-মীর_কাসেম_আলীর_রিভিউ_খারিজ_মৃত্যুদণ্ড_বহাল_প্রতিক্রিয়া_বিভিন্নমহলের
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ (মঙ্গলবার) সকাল ৯টা প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে তার এই রায় ঘোষণা করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ৩০, ২০১৬ ১৪:২৭ Asia/Dhaka

একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ (মঙ্গলবার) সকাল ৯টা প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ আবেদন খারিজ করে তার এই রায় ঘোষণা করেন।

গত রোববার এ বিষয়ে শুনানি শেষে রায়ের জন্য আজ দিন নির্ধারণ করা ছিল।

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে ২০১২ সালের ১৭ জুন মতিঝিলে দৈনিক নয়াদিগন্ত কার্যালয় থেকে গ্রেফতার করা হয় মীর কাসেম আলীকে। পরের বছর ৫ সেপ্টেম্বর অভিযোগ গঠনের মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিচার শুরু হয়।

মুক্তিযুদ্ধের সময় কিশোর জসিমসহ ছয়জনকে হত্যার দায়ে গত ৮ মার্চ মীর কাসেমের মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখে আদেশ দেয় আদালত। আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।  আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডাদেশের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে মীর কাসেম  আলী গত ১৯ জুন আবেদন করেন । এতে ১৪টি আইনি যুক্তি তুলে ধরে তাঁকে বেকসুর খালাস দেয়ার আবেদন জানানো হয়।

রিভিউ আবেদনই ছিল মীর কাসেম আলীর আইনি লড়াইয়ের শেষ ধাপ। রিভিউ খারিজ হওয়ায় এখন সরকারের নির্দেশে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকর করবে। তবে তার আগে আইন অনুযায়ী প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার সুযোগ পাবেন ৬৩ বছর বয়সী এই জামায়াত নেতা।

এ প্রসঙ্গে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন,মীর কাসেম আলীর ফাঁসি বহাল থাকায় এখন পুরো জাতিই খুশি, সবাই সর্বোচ্চ সাজা কার্যকরের অপেক্ষায়। মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকার পরে সর্বশেষ  প্রক্রিয়া হিসেবে মীর কাসেম আলী প্রেসিডেন্টের কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন। আর তা না চাইলে যেকোনো দিন তাঁর মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা যাবে।

রিভিউ রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু বলেন, “রায়ের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে। কাঙ্ক্ষিত রায় হয়েছে। উই আর হ্যাপি।”

এদিকে, আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন,  মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগ যে রায় দিয়েছে 'এটি সঠিক হয়নি' আইনজীবী হিসেবে এ কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আইনের বিধানমতে, সর্বোচ্চ আদালত যে বিচার করেন সেটাই ন্যায় বিচার। কিন্তু মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষ্য ব্যবহার করে সরকার পক্ষ এই সাজার রায় অর্জন করেছে বলে তিনি জানান ।

ওদিকে, মানবতাবিরোধী অপরাধে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে কাল বুধবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টা এই কর্মসূচি চলবে।

আজ মঙ্গলবার মীর কাসেম আলীর রিভিউ আবেদন আপিল বিভাগ খারিজ করে দেয়ার পর এক বিজ্ঞপ্তিতে কাল হরতাল দেয়ার কথা জানিয়েছে দলটি। বিজ্ঞপ্তিতে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য এম আলম স্বাক্ষর করেন।

বিবৃতিতে জানানো হয়, অ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, ফায়ার সার্ভিস, হজযাত্রী পরিবহনে নিয়োজিত গাড়ি ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে  মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল রাখায় স্বস্তি প্রকাশ করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেছেন, রিভিউ রায়ের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে। এর জন্য জনগণের পক্ষ থেকে আমরা স্বস্তি প্রকাশ করছি।

আজ মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নাসিম এসব কথা বলেন।

জামায়াতের ডাকা হরতাল প্রসঙ্গে মোহাম্মদ নাসিম বলেন, জামায়াতের হরতালের কোনো আবেদন নেই। জামায়াত জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হয়েছে, তাই তাদের হরতালে জনজীবনে কোনো প্রভাব পড়বে না।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৩০