৭৫’র পর বাংলাদেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু: শেখ হাসিনা
-
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসে মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিন খেলতে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের সৃষ্টি হয় তাদের জন্য। আর আওয়ামী লীগ দেশের মানুষের জন্য কল্যাণ করে। প্রতিটি মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে বর্তমান সরকার।
আজ (মঙ্গলবার) বিকেলে লক্ষ্মীপুরের জেলা স্টেডিয়ামে আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের সুযোগ-সুবিধা তৈরি করে দিচ্ছিলেন। তার সুফল মানুষ পেতে শুরু করেছিল। জাতির পিতাকে হত্যার পর সব স্তব্ধ হয়ে যায়। বাংলাদেশে হত্যা-ক্যু'র রাজনীতি হয়েছে। ৭৫’র পর হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি শুরু হয়। ২১ বছর ধরে মানুষ কষ্ট করেছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি লক্ষ্মীপুরে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিল। জনগণকে চরমভাবে ভোগান্তিতে ফেলে। আপনারা চিন্তা করেন, কোনো মানুষ অন্য মানুষকে হত্যা করতে পারে? তারা পুড়িয়ে মেরেছে মানুষকে।
তিনি বলেন, একটি ছেলে-মেয়ে যেন জঙ্গির দিকে না যায় সেদিকে আপনারা বিশেষ ভাবে সচেতন ও সজাগ থাকতে হবে।
এ আগে, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী হেলিকপ্টারটি দুপুর একটার পর লক্ষ্মীপুর জেলার দালালবাজার ডিগ্রী কলেজ হেলিপ্যাডে অবতরণ করে।
এরপর, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লক্ষ্মীপুর জেলা স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে রামগতি ও কমলনগর মেঘনা নদীর তীর সংরক্ষণ প্রকল্প (প্রথম পর্যায়)সহ ১০টি প্রকল্পের উদ্বোধন এবং ১৭টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়, আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক হারুন-অর রশিদ, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ এমপিসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাগণ। #
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৪