আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে দলে ফিরলেন নাসির, চ্যাম্পিয়নস ট্রফিতে স্টান্ডবাই
-
ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন
আগামী মাসে আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজ এবং ইংল্যান্ডে প্রস্তুতি ক্যাম্পের দলে ফিরেছেন ব্যাটিং অলরাউন্ডার নাসির হোসেন। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সেঞ্চুরি করে নির্বাচকদের দৃষ্টি কাড়লেও ১ জুন ইংল্যান্ডে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ স্কোয়াডে জায়গা পাননি তিনি।
আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টায় মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ত্রিদেশীয় সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফির জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য ১৮ সদস্য ও চ্যাম্পিয়ন ট্রফির জন্য ১৫ সদস্যের ঘোষণা করেন বিসিবি’র প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ঘোষিত দলে নতুন মুখ হিসেবে আছেন তরুণ বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম। দলে ফেরানো হয়েছে পেসার শফিউল ইসলামকে। দুটি থেকেই বাদ পড়েছেন শুভাগত হোম চৌধুরী।
নাসিরের অন্তর্ভূক্তি সম্পর্কে প্রধান নির্বাচক বলেন, নাসিরকে আয়ারল্যান্ড সফরের দলে রাখা তাকে চূড়ান্তভাবে ফেরানোরই প্রক্রিয়া। একই পজিশনে মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফির দল জায়গা পাননি নাসির। তবে আয়ারল্যান্ডে ভালো করলে বিবেচনা করা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পরের সিরিজগুলোয়।
নাসির ও শফিউল, দুজনই সবশেষ ওয়ানডে খেলেছেন গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে। এরপর শফিউলের বাইরে থাকার মূল কারণ ছিল চোট। টানা নিজেকে ফিট রাখতে না পারায় তাকে নিয়ে অসন্তুষ্ট ছিল নির্বাচক কমিটি। এবার এই পেসার পেয়েছেন নির্বাচকদের আস্থা।
গত বেশ কিছু দিন ধরেই বাংলাদেশের সব স্কোয়াডে মুশফিকুর রহিমের সঙ্গে বাড়তি উইকেটকিপার রাখা হয়েছে একজন। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে উইকেট কিপার মুশফিক একাই। এ সম্পর্কে মিনহাজুল আবেদীন জানান, মূল স্কোয়াডের অংশ না হলেও বাড়তি সদস্য হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময়ও দলের সঙ্গে থাকবেন উইকেটকিপার নুরুল। মুশফিকের চোট বা অন্য কোনো জরুরি প্রয়োজন হলে পাওয়া যাবে হাতের কাছেই।
ইংল্যান্ডের সাসেক্সে ক্যাম্পের জন্য ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ ১২ মে। চ্যম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ ১ জুন।
ইংল্যান্ডে ক্যাম্প ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শুভাশীষ রায়, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল:
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম।
চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ড বাই:
নাসির হোসেন, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়, মোহাম্মদ সাইফ উদ্দিন।#
পার্সটুডে/এআর/২০