আ.লীগ সরকার নির্বাচন করতে ভয় পায়: মির্জা ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i39542-আ.লীগ_সরকার_নির্বাচন_করতে_ভয়_পায়_মির্জা_ফখরুল
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন ,সরকার দ্রুত বিচার আইনে সাজা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাজা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখাতে চায়। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৬, ২০১৭ ১৫:৩৯ Asia/Dhaka
  • বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আশঙ্কা প্রকাশ করে বলেছেন ,সরকার দ্রুত বিচার আইনে সাজা বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে বিএনপি নেতা-কর্মীদের সাজা দিয়ে তাদেরকে নির্বাচন থেকে বাইরে রাখাতে চায়। আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

গতকাল মন্ত্রিসভার সাপ্তাহিক  বৈঠকে  দ্রুত বিচার আইনের বিভিন্ন অপরাধের জন্য সাজার মেয়াদ দুই বছর বাড়িয়ে ৭ বছর করে আইন সংশোধনের প্রস্তাব  নীতিগত অনুমোদন দেয়ার প্রতিক্রিয়ায় মির্জা ফখরুল আজ একথা বলেন। তিনি বলেন, “এখন নির্বাচন নিয়ে  কথা উঠেছে, এই সময় যদি দ্রুত বিচার আইনে আমাদের বিরোধী দলের সব নেতা-কর্মীকে অভিযুক্ত করে সাজা দিয়ে দেয়া যায়, তাহলে তারা আবার সেই ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একা একা নির্বাচন করতে যাবে।”

বিএনপি প্রতিষ্ঠাতা  ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে  ড্যাব আয়োজিত এক আলোচনা সভায়  বিএনপি মহাসচিব বলেন, “আমরা স্পষ্টভাষায় বলতে চাই, এবার সেটা হবে না। এদেশের মানুষ আপনাদের ২০১৪ এর ৫ জানুয়ারির নির্বাচন করতে দেবে না। এ দেশের মানুষ তার অধিকার আদায় করবে, ভোটের অধিকার আদায় করবে। সত্যিকার অর্থেই তারা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করবে।”

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে গেছে দাবি করে মির্জা ফখরুল বলেন, কতটুকু রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেলে, কতটুকু জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে আওয়ামী লীগ নির্বাচন করতে ভয় পায়। তারা বিএনপিকে নিয়ে নির্বাচন করতে চায় না, জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায় না।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/৬