সরকার নিজের ব্যর্থতা ঢাকতে মওদুদের বাড়ি ভেঙেছে: রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i40888-সরকার_নিজের_ব্যর্থতা_ঢাকতে_মওদুদের_বাড়ি_ভেঙেছে_রিজভী
বাংলাদেশের সরকার নিজেদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে মওদুদ আহমেদের দখলে থাকা গুলশান এভিনিউয়ের বাড়িটি ভেঙ্গে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৫, ২০১৭ ১৪:২৬ Asia/Dhaka
  • বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী
    বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী

বাংলাদেশের সরকার নিজেদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে মওদুদ আহমেদের দখলে থাকা গুলশান এভিনিউয়ের বাড়িটি ভেঙ্গে ফেলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (রোববার) নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, জনাব মওদুদ সাহেবের বাড়িটি গুঁড়িয়ে দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে, জনদৃষ্টিকে অন্যদিকে সরিয়ে দেয়া; যাতে সরকারের চরম ব্যর্থতার দিকে মানুষের চোখ না পড়ে।

রুহুল কবির রিজভী বলেন, উচ্চ আদালতে রিট পিটিশন ও দেওয়ানি মামলা বহাল থাকা অবস্থায়  সরকারের এই পদক্ষেপ আইনকে দুর্বিনীত কায়দায় পদদলিত করারই শামিল। তারা (সরকার) যে আইনকে পরোয়া করে না এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল নয় তা আবারো এই ঘটনায় প্রমাণিত হলো।

মওদুদ সাহেবের গুলশানের বাড়িটিকে গুঁড়িয়ে দেবার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  রিজভী বলেন, দলের স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও দেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান এভিনিউ’র বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার যে কার্যক্রম শুরু হয়েছে, তা সম্পূর্ণ বেআইনি।

গুলশানে বিএনপি নেতা মওদুদের বাড়ি

প্রসঙ্গত, আইনি লড়াইয়ে হেরে যাওয়ার পর গত ৭ জুন মওদুদ আহমদকে গুলশানের ১৫৯ নম্বর বাড়ি থেকে উচ্ছেদ করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। আজ  সকাল ৯টার পর রাজউকের কর্মীরা গুলশান এভিনিউর ১৫৯ নম্বর হোল্ডিংয়ের ওই বাড়িটি বুলডোজার দিয়ে ভাঙা শুরু করে। বাড়িটির আশপাশে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। গণমাধ্যমকর্মীদের বাড়িটির কাছে ঘেষতে দেয়া হচ্ছে না।

রোববার সকালে বাড়ি ভাঙার কাজ শুরু হওয়ার ঘণ্টাখানেক পর মওদুদ আহমেদ সাংবাদিকদের বলেন, গুলশান অ্যাভিনিউয়ের ১৫৯ নম্বর হোল্ডিংয়ের বাসাটির ব্যাপারে দুইটি মামলা বিচারাধীন আছে। একটা রিট পিটিশন হাইকোর্টে বিচারাধীন আছে, যেটা ২ জুলাই শুনানি হওয়ার কথা। আরেকটা টাইটেল স্যুট ফাইল করা হয়েছে নিম্ন আদালতে।  সেটাও শুনানির জন্য পেন্ডিং আছে।

সাবেক এ আইনমন্ত্রী রাজউকের অভিযানের বৈধতার প্রশ্ন তুলে বলেন, ‘আদালতের কোনো নির্দেশ নাই এবং কোনো নোটিশও নাই। যা করছে সবই তারা গায়ের জোরে করছে।

এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন, দখলমুক্ত করার পর রাজধানীর গুলশান এভিনিউয়ের ১৫৯ নম্বর বাড়িটি ভাঙতে আদালতের কোনো বাধা-নিষেধ নেই। বাড়িটির ওয়ারিশ থাকলেও তিনিও বাড়িটি ফেরত পাবেন না। কারণ, সরকার বাড়িটিকে অনেক আগেই পরিত্যক্ত ঘোষণা করেছে।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/গাজী আবদুর রশীদ/২৫