আগামী নির্বাচনে যাবে বিএনপি, তবে শেখ হাসিনার অধীনে নয়: রিজভী
-
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী(ফাইল ফটো)
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অবশ্যই যাবে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে নয়।
আজ (শুক্রবার) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বাধীনতা ফোরাম আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু ও জয়নাল আবদিন ফারুকসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে এ মানববন্ধন আয়োজন করা হয়।
রিজভী বলেন, জনগণের পার্লামেন্টের দুয়ার বন্ধ হয়ে গেছে। পার্লামেন্টে প্রকৃত বিরোধীদল নেই, এটি এখন বিচিত্রা অনুষ্ঠানের ক্লাবে পরিণত হয়েছে। আর প্রকৃত বিরোধীদলকে সরকার হত্যা-গুম করছে। সরকারের রোষানলে প্রতিটি মুহূর্তেই প্রতিবাদের মধ্যে থাকতে হচ্ছে বিএনপিকে।
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, বড় দুঃসময়েই হিউম্যান রাইটস ওয়াচ গুম-খুন ও হত্যার প্রতিবেদন দিয়েছে। তারা যে তথ্য দিয়েছে প্রকৃত বাস্তবতা আরও কঠিন। আওয়ামী লীগ নেতারা প্রশ্ন তুলেছে, এ তথ্য কোথায় পেল? আমি বলব দেশের খেটে খাওয়া মানুষ, রিকশা, বাস, ট্রাকচালককে জিজ্ঞেস করলে তথ্য পেয়ে যাবেন। ইলিয়াস আলী ও চৌধুরী আলমের পরিবারের সঙ্গে কথা বলুন তথ্য-উপাত্ত পেয়ে যাবেন। রিজভী তার ভাষায় বলেন, এই জালেম সরকারের বিষাক্ত ছোবলের কাছে কোনো প্রকৃত তথ্য উপাত্ত উঠে আসে না। যারা মিথ্যার মধ্যেই থাকে, তারা সত্য কি করে বুঝবে।
রামপাল কয়লাভিত্তিক বিদ্যুত কেন্দ্র প্রসঙ্গে তিনি বলেন, রামপালের এই প্রকল্প শেখ হাসিনাকে দিয়ে ভারত তৈরি করছে। অথচ ভারত নিজেদের দেশে এ ধরনের প্ল্যান্ট নির্মাণ করতে দেয় না। পরিকল্পিতভাবে সুন্দরবন ধ্বংস করতেই ভারত এই প্রকল্প তৈরি করাচ্ছে। শেখ হাসিনার কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে। গুম খুন তো চলছেই।
রামপাল বিষয়ে ইউনেস্কো অনাপত্তি জানিয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেসনোটের বিষয়ে রিজভী বলেন, আমাদের দেশের যারা পরিবেশবিদ, বিজ্ঞানী রয়েছেন তারা কি জ্ঞানী নন? তারা কি বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করেননি? তাদের গবেষণার কী কোন ভিত্তি নেই? বিদেশি সংস্থা কী বলছে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা রামপাল চাই না। যে যাই বলুক আমরা এই বিধ্বংসী প্রকল্পের বিরুদ্ধে।
ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ওবায়দুল কাদেরের সমালোচনা করে রিজভী বলেন, তিনি তো সানগ্লাস পড়েন। তাই অনেক কিছু দেখতে পান না।
এছাড়া গাজীপুরের মেয়র এম এ মান্নানকে আবার বরখাস্ত করার প্রতিবাদ ও নিন্দা জানান রিজভী আহমেদ।#
পার্সটুডে/শামস মন্ডল/গাজী আবদুর রশীদ/৭