দীর্ঘ প্রতীক্ষার অবসান: অবশেষে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল
-
অস্ট্রেলিয় ক্রিকেট দলের খেলোয়াড়দের স্বাগত জানাচ্ছে একটি ছোট্ট শিশু (ছবি: বিসিবি)
সব জল্পনা ও দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ঢাকায় পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। এর আগে ২০০৬ সালে সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া দল।
শুক্রবার রাত পৌনে ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নাররা। বিমানবন্দরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা না বলে তারা সরাসরি চলে যান টিম হোটেলে। আজ (শনিবার)
অস্ট্রেলিয়া দল জিমে নিজেদের ঝালিয়ে নেবে। এছাড়া, বেলা ৩টায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে হবে সাংবাদিকদের মুখোমুখি হবেন অধিনায়ক স্টিভেন স্মিথ ও কোচ ড্যারেন লেম্যান।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার বাংলাদেশে আসার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় সেই সফর পিছিয়ে যায়। ২০১৬ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও তারা দল পাঠায়নি। এ বছরও সব দিন-তারিখ চূড়ান্ত হয়ে যাওয়ার পরও আশঙ্কা ছিল যে সফরটি শেষ পর্যন্ত হবে কি না। ঢাকায় আসার আগেও তারা কয়েক দফা বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেছে। এরমধ্যে বেতন-ভাতা সংক্রান্ত চুক্তি স্বাক্ষর নিয়ে দ্বন্দ্বে জড়িয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট অঙ্গন। অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের প্রস্তাবিত চুক্তিতে স্বাক্ষর করতে রাজি হচ্ছিলেন না ক্রিকেটাররা। হুমকি দিয়েছিলেন বাংলাদেশ সফর বয়কটের। তবে শেষ পর্যন্ত তেমনটা করতে হয়নি স্টিভেন স্মিথদের। দুই পক্ষের সমঝোতা হওয়ায় নির্ধারিত সময়েই বাংলাদেশে এলেন তারা।
বাংলাদেশের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অস্ট্রেলিয়া দল অনুশীলন ক্যাম্প করেছে ডারউইনে। সেখান থেকেই কাল সকালে ঢাকার বিমান ধরে অসিরা। অস্ট্রেলিয়া থেকে কাল উড়াল দেয়ার আগে স্মিথ বলেন, ‘নিজেদের কন্ডিশনে বাংলাদেশ খুব ভালো দল। খুবই চ্যালেঞ্জিং হতে যাচ্ছে ওরা।’
২৭ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। ৪ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। তার আগে ২২-২৩ আগস্ট দু’দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন স্মিথরা।
অস্ট্রেলিয়া দল:
স্টিভেন স্মিথ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, অ্যাস্টন অ্যাগার, হিলটন কার্টরাইট, প্যাট কামিন্স, পিটার হ্যান্ডসকম্ব, জশ হ্যাজেলউড, উসমান খাজা, নাথান লিওন, গ্লেন ম্যাক্সওয়েল, জেমস প্যাটিনসন, ম্যাথু রেনশ, মিচেল সোয়েপসন, ম্যাথু ওয়েড।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৯