ডিএনসিসি নির্বাচনে সেনা মোতায়েন দাবি রিজভীর, সংলাপ প্রশ্নে নাসিমের 'না'
https://parstoday.ir/bn/news/bangladesh-i51395-ডিএনসিসি_নির্বাচনে_সেনা_মোতায়েন_দাবি_রিজভীর_সংলাপ_প্রশ্নে_নাসিমের_'না'
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে বিএনপি। আজ (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম জমা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জানুয়ারি ১৫, ২০১৮ ১৫:৩৪ Asia/Dhaka
  • আবেদনপত্র জমা দিচ্ছেন তাবিথ আউয়াল
    আবেদনপত্র জমা দিচ্ছেন তাবিথ আউয়াল

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি করেছে বিএনপি। আজ (সোমবার) দুপুরে রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলের মনোনয়ন ফরম জমা নেয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ২০১৫ সালের ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এছাড়া ৫ জানুয়ারির নির্বাচনে অত্যন্ত দানবীয় কায়দায় ভোটাধিকার হরণ করা হয়েছিল। যা এখনো দুঃস্বপ্ন হয়ে আছে।

তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচন মানে ভোটারদের ভোটের অধিকার হরণ করা। এই সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচনসহ কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তবুও বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করছে। কারণ এটা আমাদের আন্দোলন সংগ্রামের অংশ।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবেন নেতা-কর্মীদের তার পক্ষে কাজ করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।

এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে বিএনপির মনোনয়নপ্রত‌্যাশী প্রার্থী তাবিথ আউয়াল দলের কাছে তার আবেদনপত্র জমা দেন। এরপর মনোনয়নপত্র জমা দেন বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন  কেন্দ্রীয় কমিটির বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন। সবশেষে ঢাকা মহানগর উত্তরের সভাপতি এম এ কাইয়ুমের পক্ষে সাবেক কাউন্সিলর মুন্সি বজলুল বাসিত আনজু মনোনয়ন ফরম জমা দেন।  

মোহাম্মদ নাসিম

আওয়ামী লীগের প্রার্থীকে সমর্থন দেবে ১৪ দল- নাসিম

ওদিকে, আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মেয়র পদে যাঁকেই মনোনয়ন দেবে, ১৪ দল তাঁকেই সমর্থন দেবে। ১৪ দল ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীকে বিজয়ী করতে মাঠে কাজ করবে।

ধানমন্ডিতে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে সোমবার ১৪ দলের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ কথা ১৪ দলের সমন্বয়ক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিএনপির সংলাপের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, সংলাপের প্রশ্নই ওঠে না। কিসের সংলাপ তাদের সঙ্গে। জাতির উদ্দেশে দেওয়া প্রধানমন্ত্রীর ভাষণে সবকিছু স্পষ্ট করা হয়েছে। এই সরকারই নির্বাচনকালীন সরকার হবে। সংসদ ভাঙার যে দাবি বিএনপি করছে, তাও সংবিধানবিরোধী।#

পার্সটুডে/আবদুর রহমান/১৫