ঢাকা উত্তর সিটি নির্বাচন: বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল
-
মেয়র পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন তাবিথ আউয়াল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উপনির্বাচনে মেয়র পদে দ্বিতীয়বারের মতো বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। ২০১৫ সালের নির্বাচনেও দলটির প্রার্থী হিসেবে মেয়র পদে লড়েছিলেন তিনি।
সোমবার রাত ১১টা ১০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমাদের দল থেকে কয়েকজন প্রার্থী হতে চেয়েছেন, যারা প্রত্যেকেই মনোনয়ন পাওয়ার যোগ্য। তবে মনোনয়ন বোর্ডের সদস্যদের সর্বসম্মতিক্রমে তাবিথকে দলের চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এই একজনই আমাদের দলের পক্ষ থেকে লড়বেন।’
সাংবাদিকেরা জানতে চান কেন তাবিথ আউয়ালকে বেছে নেয়া হলো- জবাবে মির্জা ফখরুল ইসলাম, তাবিথ সবচেয়ে যোগ্য। গত নির্বাচনে সে ভালো ভোট পেয়েছে। এ নির্বাচনে অংশগ্রহণ বিএনপির আন্দোলনের অংশ বলেও জানান তিনি।
দলের মনোনয়ন পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাবিথ আউয়াল বলেন, ‘তারুণ্যের জয় হয়েছে। চেয়ারপারসন বলেছিলেন, আগামী হবে তারুণ্যের যুগ। সেটা তিনি রেখেছেন।’
এর আগে, সোমবার রাত সাড়ে ৯টার দিকে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার নেয়া হয়।
তাবিথ তাবিথ ছাড়াও বিএনপির সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক শাকিল ওয়াহেদ, বিশেষ সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এবং সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আক্তারুজ্জামান সাক্ষাৎকারে অংশ নেন। মনোনয়ন কিনে জমা দিলেও মালয়েশিয়া সফরে থাকায় সাক্ষাৎকারে উপস্থিত হননি ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুম।
মনোনয়ন বোর্ডে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জে. (অব) মাহবুবুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
তাবিথ আউয়াল ২০১৫ সালে ঢাকা উত্তরের নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে মেয়র প্রার্থী হয়েছিলেন। ভোট গ্রহণের একপর্যায়ে তিনি অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন। নির্বাচন বর্জনের আগ পর্যন্ত তিন লাখের বেশি ভোট পেয়েছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে তাবিথ। ওই নির্বাচনে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী আনিসুল হক। গত ৩০ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুতে স্থানীয় সরকার বিভাগ ১ ডিসেম্বর থেকে ওই পদটি শূন্য ঘোষণা করে। আগামী ২৬ ফেব্রুয়ারি ডিএনসিসি’র উপনির্বাচন অনুষ্ঠিত হবে।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৬