সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে: খন্দকার মোশাররফ
-
ড. খন্দকার মোশাররফ হোসেন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড.খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ষড়যন্ত্র হচ্ছে। খালেদা জিয়া ও বিএনপি ছাড়া এদেশে নির্বাচন হবে না,হতে দেয়া হবে না। ২০১৪ সালের ৫ জানুয়ারির আগে আওয়ামী লীগ সংবিধান রক্ষার নির্বাচন বলে ভোট করেছিল। এরপর তো ক্ষমতায় জোর করে বসে আছে। এদেশে আর এমনটি হতে দেয়া হবে না।
আজ (রবিবার) দুপুরে রাজধানীতে অনুষ্ঠিত এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মোশাররফ বলেন,আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই,বেগম খালেদা জিয়াকে যদি অন্যায়ভাবে কোনো রায়ের মাধ্যমে জেলের অভ্যন্তরে নেয়া হয় তাহলে বিএনপির সিনিয়র নেতারাও স্বেচ্ছায় কারাবরণ করতে রাজি আছে।
তিনি বলেন,বেগম জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হলে এরপর যে আন্দোলন হবে, সেটা হবে সরকার পতনের আন্দোলন। কারো মুক্তির দাবি আমরা করবো না। সরকারের পতন করে এদেশে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই নির্বাচনে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নির্বাচনে যাব।
তিনি বলেন,এ মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। কোনো ডকুমেন্ট নেই। কোনো স্বাক্ষী বলতে পারেনি। সিনিয়র আইনজীবীরা বক্তব্য দেয়ার জন্য সময় চেয়েছিলেন। কিন্তু তড়িঘড়ি করে ৮ ফেব্রুয়ারি রায়ের জন্য দিন ঠিক করা হয়েছে।
এ প্রসঙ্গে বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার ফখরুল ইসলাম রেডিও তেহরানকে বলেন, এ মামলাটিতে বেগম জিয়াকে সাজা দেয়াটা হবে আইনের বরখেলাপ। কারণ, যে সময় অপরাধ সংগঠনের কথা বলা হয়েছে, বেগম জিয়া তখন “পাবলিক সার্ভেন্ট” হিসেবে কর্মরত ছিলেন না।
ওদিকে,বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলার মাধ্যমে অপমান করা হচ্ছে। তাকে প্রতিনিয়ত কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এটাও দেশের জনগণকে দেখানো ভয়ভীতির অংশ। আগামী দিনে মানুষ যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে না পারেন সেজন্য এসব করছে সরকার।
আজ দুপুরে জাতীয়তাবাদী ১২টি পরিবারের সন্তানদের জন্য উপবৃত্তি ও আর্থিক সহযোগিতা প্রদান অনুষ্ঠানে আমির খসরু বলেন,জনগণ মামলা, গুম, খুনের মাধ্যমে ক্ষমতা দখল করতে দেবে না। খালেদা জিয়া ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। নির্বাচন করতে দেয়া হবে না।
এদিকে বেগম জিয়ার মামলার রায় ঘোষণার তারিখ সামনে রেখে ২০ দলীয় জোটের শরিকদের নিয়ে বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আজ রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে (গুলশানে) বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
উল্লেখ্য,জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণার জন্য ঢাকার পঞ্চম জজ আদালত আগামী ৮ ফেব্রুয়ারি তারখি ধার্য করে রেখেছে। অভিযোগ প্রমাণিত হলে এ মামলায় খালেদা জিয়ার সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। সেক্ষেত্রে তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবার যোগ্যতা হারাবেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/নাসির মাহমুদ/২৮