খালেদার মুক্তি বিলম্বিত করা হচ্ছে- ফখরুল: আইনজীবী পরিবর্তন করুন- নাসিম
https://parstoday.ir/bn/news/bangladesh-i54001-খালেদার_মুক্তি_বিলম্বিত_করা_হচ্ছে_ফখরুল_আইনজীবী_পরিবর্তন_করুন_নাসিম
বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সম্পূর্ণ চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে তার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ০৬, ২০১৮ ১৩:২৩ Asia/Dhaka

বাংলাদেশের ক্ষমতাসীন সরকার সম্পূর্ণ চক্রান্ত করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাগারে পাঠিয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে তার মুক্তিকে বিলম্বিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ (মঙ্গলবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া দেশের মানুষের গণতন্ত্র ও কথা বলার অধিকার ফিরিয়ে দেয়ার আন্দোলন করছেন। আর সে জন্য তাঁকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে সরকার। সরকার ইচ্ছে করেই খালেদা জিয়ার কারাবাস দীর্ঘ করতে চায়। যাতে তারা নিজেদের অধীনে একদলীয় নির্বাচন করে আবার ক্ষমতায় থাকতে পারে। কিন্তু আমরা সরকারকে বলতে চাই, আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা হবে।  

বিএনপির মানববন্ধন

দেশের মানুষকে জাতীয় ঐক্য গড়ে তুলতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা তাই দেশের মানুষকে আহ্বান জানিয়েছি, আসুন ঐক্যবদ্ধ হই, জাতীয় ঐক্য গড়ে তুলি। খালেদা জিয়াকে মুক্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি আদায় করি। জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

মির্জা ফখরুল ইসলাম

মানববন্ধনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ বলেন, ‘খালেদা জিয়াকে একটি জালিয়াতির কাগজ দিয়ে মিথ্যা মামলায় সাজা দিয়ে কারাগারে রাখা হয়েছে। তাঁকে একটি পরিত্যক্ত কারাগারে রেখে তিন দিন পর্যন্ত ডিভিশন দেয়নি। যার মাধ্যমে সরকার চেয়েছে তাঁর মনোবল দুর্বল করতে। এখন তাঁর জামিন দিতেও সরকার গড়িমসি করছে।’

এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘আপনারা যত ষড়যন্ত্র করেন না কেন, খালেদা জিয়া আমাদের মধ্যে ফিরে আসবেন। আমরা নেত্রীর নির্দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছি। আর এ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু গ্রেপ্তার

শফিউল বারী বাবু গ্রেপ্তার

বিএনপি আয়োজিত মানববন্ধন থেকে ফেরার পর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টার পর তাকে জাতীয় প্রেস ক্লাবের পূর্ব গেটের অগ্রণী ব্যাংকের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তিনি নেন। 

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ে গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠায় ঢাকার একটি আদালত। এর প্রতিবাদে এবং খালেদার মুক্তির দাবিতে এর আগে চার দফায় বিক্ষোভ সমাবেশে, মানববন্ধন, অবস্থান, গণঅনশন, গণস্বাক্ষর অভিযান, স্মারকলিপি পেশ, কালো পতাকা প্রদর্শনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে দলটি। আগামী বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করা হবে। 

মোহাম্মদ নাসিম

খালেদার আইনজীবী পরিবর্তন করুন: নাসিম

এদিকে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য তার আইনজীবী পরিবর্তনের করতে দলটির প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে দলের  বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়া দুর্নীতি মামলায় আইনী প্রক্রিয়ায় জেলে গেছেন এবং আইনি প্রক্রিয়াতেই তাকে মুক্ত হতে হবে।

তিনি বলেন, খালেদা জিয়াকে সরকার জেলে পাঠায়নি। তিনি জেলে থাকুক তা আমরা চাই না।

বিএনপির অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবারের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির স্থান পরিবর্তন করা হয়েছে। এর আগে এ কর্মসূচি নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হওয়ার ঘোষণা দেয়া হয়েছিল দলের পক্ষ থেকে। তবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নতুন ঘোষণা অনুযায়ী আগামী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সামনে এ অবস্থান কর্মসূচি পালন করবে দলটি।

তিনি বলেছেন, নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচির পালনের কথা থাকলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জাতীয় প্রেস ক্লাবের সামনে করার কথা বলছে। প্রেস ক্লাবে কর্মসূচি পালনের জন্য তারা মৌখিক অনুমতিও দিয়েছে পুলিশ। #

পার্সটুডে/আশরাফুর রহমান/আবদুর রহমান খান/৬