আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে, এখন সময় রুখে দাঁড়াবার: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আমাদের আর হারাবার কিছু নেই। আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। বক্তৃতার সময় শেষ, এখন সময় রুখে দাঁড়াবার; প্রতিবাদ করার। আজ বাংলাদেশের প্রতিটি বিবেকবান মানুষের দায়িত্ব হচ্ছে, এই ভয়াবহ পরিণতি থেকে দেশকে রক্ষা করা।"
আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে রচিত 'রণধ্বনি' গানের সিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে মহাসচিব বলেন, "দেশ রক্ষায় আমাদের নামতে হবে। খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। গায়ের জোরে তাকে আটক রাখার মানে হলো গণতন্ত্র পুরোপুরি ধ্বংস করা, মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার নষ্ট করে এক ব্যক্তির শাসন নিশ্চিত করা। সময়টা এতই খারাপ, আজকাল বাসায়ও জড়ো হয়ে কথা বলতে পারে না মানুষ। পাকিস্তানের আইয়ুব খান, স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে লড়েছি। কিন্তু তখন আজকের মতো এত ভয়াবহ সময় ছিল না।"
মির্জা ফখরুল বলেন, "এখন সময় শেষ, আমাদের রুখে দাঁড়াতে হবে। দেশনেত্রীকে যেভাবে আটক রাখা হয়েছে, তা একেবারেই বেআইনি। হাইকোর্ট জামিন দিলেও নানা কৌশলে মাসের পর মাস তাকে আটকে রাখা হয়েছে। উচ্চতর আদালত ছুটির কথা বলে প্রলম্বিত করছে।"
সরকারের ভূমিকার সমালোচনা করে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, "আমরা বহুবার আলোচনার জন্য সরকারকে আহ্বান জানিয়েছি। কিন্তু সরকার আমাদের ডাকে সাড়া দেয়নি। তারা বলে সংবিধান অনুযায়ী সব করবে। যে সংবিধান তারা কেটে-কুটে নিজেদের মতো করে নিয়েছে।"
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, "গ্রামে যান, সাধারণ মানুষের কাছে যান। তারা কী ভাবছে কী চিন্তা করছে সেটা শুনুন। তবে সেটা বোঝার মতো অবস্থা এখন সরকারের আর নেই। তারা এমন এক জায়গায় চলে গেছে, যেখান থেকে জনগণের আশা-আকাঙ্খা বোঝার ক্ষমতা তাদের নেই।"
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি মুনসি বজলুল বাসিত আনজুসহ অন্যরা উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১