নির্বাচনকে সামনে রেখে লুটপাটের জন্য বড় বাজেট করা হয়েছে : রিজভী
https://parstoday.ir/bn/news/bangladesh-i58598-নির্বাচনকে_সামনে_রেখে_লুটপাটের_জন্য_বড়_বাজেট_করা_হয়েছে_রিজভী
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে লুটপাটের জন্য বর্তমান সরকার বড় বাজেট করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ০৮, ২০১৮ ১১:৩৫ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী (ফাইল ফটো)

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে লুটপাটের জন্য বর্তমান সরকার বড় বাজেট করেছে, এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ (শুক্রবার) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, "বর্তমান সরকার জনগণের সরকার নয় আর সংসদ সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত নন। তাই তাদের কাছে জনকল্যাণমুখী বাজেট আশা করা যায় না। মূলত নির্বাচনকে সামনে রেখে সবশেষ লুটপাটের জন্যই এ বিশাল বাজেট পেশ করা হয়েছে। ফুলিয়ে ফাঁপিয়ে বাজেট বড় করা হয়েছে।"

প্রস্তাবিত বাজেটকে গণবিরোধী ও বাস্তবায়ন অযোগ্য উল্লেখ করে তিনি বলেন, এটি মানুষকে বোকা বানানোর বাজেট। দেশের ৮৫ হাজার কিলোমিটার সড়কের বেহাল অবস্থা। অথচ মেগা প্রকল্পের নামে তারা বাঘা দুর্নীতি করেছে। এবারও অবকাঠামো খাতে বরাদ্দ রাখা হয়েছে শুধু লুটপাটের জন্য। প্রস্তাবিত বাজেটেও মেগা দুর্নীতির জন্য সব পথ খোলা রাখা হয়েছে। প্রস্তাবিত বাজেট পাস হলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে; নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তরা বিপাকে পড়বে বলেও জানান রিজভী।

ব্যারিস্টার মওদুদ আহমদ

এই বাজেটের ভেতরটা শূন্য: মওদুদ

এদিকে, ২০১৮-১৯ অর্থ বছরের বাজেটকে বড় একটি সুন্দর নীল বেলুনের সঙ্গে তুলনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, এই বাজেটের ভেতরটা শূন্য। একটা সুঁই দিয়ে গুতা দিলে ফেটে যাবে। ইট ইজ এ বিগ বিউটিফুল ব্লু বেলুন, যার ভেতরে কিচ্ছু নাই, শূন্য। এটা একটি গতানুগতিক বাজেট। নির্বাচনকে সামনে রেখে এই বাজেট দেয়া হয়েছে।

আজ (শুক্রবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন মওদুদ আহমদ।

মাদক নির্মূলের নামে সরকার বিরোধীদল নির্মূল করতে চায়, এমন অভিযোগ করে তিনি বলেন, বিএনপির অনেক নেতাকর্মীর নাম তারা তালিকাভুক্ত করেছে। কোনও দায়িত্বশীল সভ্য সরকার এভাবে মানুষ হত্যার হুকুম দিতে পারে না। এই সরকার তা দিয়ে বিরাট একটি অপরাধ করেছে। আমরা প্রতিটি হত্যা অনুসন্ধান করবো। প্রতিটি হত্যার বিচার করা হবে এই বাংলাদেশে। এ সময়, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলেও মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/৮