খালেদা জিয়া যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i59118-খালেদা_জিয়া_যেকোনো_সময়_প্যারালাইজড_হয়ে_যেতে_পারেন_ফখরুল
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
জুন ১৭, ২০১৮ ১২:২২ Asia/Dhaka
  • সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)
    সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম (ফাইল ফটো)

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির কারাবন্দি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যেকোনো সময় প্যারালাইজড হয়ে যেতে পারেন বলে আশঙ্কা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  

আজ (সকালে) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এমন আশঙ্কার কথা জানিয়ে মির্জা আলমগীর বলেন, "গতকাল ঈদের দিন আমরা আমাদের নেত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু সরকার সম্পূর্ণ প্রতিহিংসা পরায়ণ হয়ে আমাদের জেলগেটে আটকে দেয়। তবে গতকাল দুপুরে খালেদা জিয়ার পরিবারের সদস্য ও স্বজনেরা দেখা করেছেন। তারা বলেছেন, খালেদা জিয়ার শরীরের অবস্থা আগের চেয়ে অনেক নাজুক। তিনি নিজে হাঁটতে পারছেন না। আগে দেখা করতে গেলে তিনি নিজে হেঁটে এসে দেখা করতে পারতেন। কিন্তু এখন গুরুত্বর অসুস্থ তিনি।"

অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেছেন, "খালেদা জিয়া নিঃসঙ্গ অবস্থায় রয়েছেন। এতে করে তিনি আগের চেয়ে অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর কোমর ও প্রতিস্থাপন করা হাঁটুর ব্যথা সারা শরীরে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকরাও আশঙ্কা করছেন, দ্রুত সুচিকিৎসা দেয়া না হলে যেকোনো সময় তার প্যারালাইজড হয়ে যেতে পারে।"

মির্জা ফখরুল আজকের (রোববার) মধ্যেই উন্নত চিকিৎসার জন্য তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানান

বেগম খালেদা জিয়া

খালেদা জিয়াকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা দেয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের প্রস্তাবের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, "আমরা আগেই বলেছি, খালেদা জিয়া সিএমএইচে যাবেন না। তিনি বলেন, খালেদা জিয়া জনগণের সম্পদ, জনগণের নেত্রী। আমাদের কাছে তার জীবনের মূল্য অনেক বেশি। ইউনাইটেড হাসাপাতালের প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। অন্য জায়গায় তাঁর আস্থা নেই। তিনি অন্য কোথাও চিকিৎসা নেবেন না।"

বিএনপির মহাসচিব বলেন, "শেখ হাসিনাকে যদি স্কয়ারে নিতে পারেন, প্যারোলে বিদেশে পাঠাতে পারেন, নাসিম সাহেবকে যদি ল্যাবএইডে নিতে পারেন, জলিল সাহেবকে ল্যাবএইডে দিতে পারেন, তাহলে দেশনেত্রীকে ইউনাইটেডে দেবেন না কেন? কারণ কী? কারণ একটাই—আপনারা তাঁর জীবন বিপন্ন করতে চান। সেই কারণে আপনারা এই পথ বেঁচে নিয়েছেন।"

 এ সময় এক প্রশ্নের জবাবে মির্জা আলমগীর বলেন, "সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় রাজনৈতিক হীনউদ্দেশ্যে সরকার আমাদের নেত্রীকে কারাগারের নির্জন প্রকোষ্ঠে বন্দি করে রেখেছে। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই খালেদা জিয়াকে মুক্ত করে আনা হবে।"

অন্য এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, "আসন্ন জাতীয় নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবি জানাই। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হয়ে আগামীতে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৭