'সরকারবিরোধী ষড়যন্ত্রের' অভিযোগে ফখরুলসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
https://parstoday.ir/bn/news/bangladesh-i60631-'সরকারবিরোধী_ষড়যন্ত্রের'_অভিযোগে_ফখরুলসহ_৩_জনের_বিরুদ্ধে_মামলা
বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি এবং সরকারবিরোধী যড়যন্ত্রের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
আগস্ট ০৬, ২০১৮ ১২:২৮ Asia/Dhaka
  • মির্জা ফখরুল ইসলাম আলমগীর
    মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি এবং সরকারবিরোধী যড়যন্ত্রের অভিযোগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আওয়ামী লীগের সহযোগী সংগঠন জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী আজ (সোমবার) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এএইচএম তোহার আদালতে মামলাটি দায়ের করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তেজগাঁও থানার ওসিকে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন। সেদিন তিনি কুমিল্লায় থাকা নওমী নামের এক কর্মীর সঙ্গে কথা বলেছেন। তিনি ওই কর্মীকে বলেছেন, ঢাকা এসে লোকজন নিয়ে নেমে পড়তে।

রুহুল কবীর রিজভী

মামলায় এ বি সিদ্দিকী দাবি করছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীর হুকুমে নিরাপদ সড়ক চাই আন্দোলনে নিরীহ ছাত্রছাত্রীদের মধ্যে ছাত্রদলের কর্মীরা ঢুকে পড়েছে। ঢাকার জিগাতলায় ছাত্রদলের কর্মীরা আওয়ামী লীগের অফিসে হামলা করেছে। মিরপুরে মারপিট করেছে ছাত্রদল কর্মী। ঢাকার বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিবহনে আগুন দিয়েছে। ছাত্রী ধর্ষণ ও ছাত্রছাত্রী নিহত হওয়ার গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রদলের কর্মীদের ঢুকিয়ে দিয়ে এই তিন আসামি সরকারবিরোধী ষড়যন্ত্র করেছেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী

আলোকচিত্রী শহিদুল আলম ডিবি কার্যালয়ে

এদিকে, শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে গণমাধ্যমে সাক্ষাৎকার দেয়ার পর রোববার রাতে বিশিষ্ট আলোকচিত্রী ও দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ড. শহিদুল আলমকে তার ধানমন্ডির অ্যাপার্টমেন্ট থেকে তুলে নিয়ে যায় ‘ডিবি পরিচয়ে’  আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তখন বাসার সিসি ক্যামেরাও ভাঙচুর করা হয়।

আজ (সোমবার) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানিয়েছেন, ‘জিজ্ঞাসাবাদের জন্য শহিদুল আলমকে প্রথমে মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছিল। পরে তাকে ডিবি থেকে ডিএমপি কার্যালয়ে নেয়া হয়েছে। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।’

ড. শহিদুল আলম

ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে আটক ৩

তাছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। রোববার দিনগত রাতে ঢাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগ।

আটককৃতরা হলেন- মাহবুবুর রহমান আরমান (৩০), আলমগীর হোসেইন (২৭) ও সাইদুল ইসলাম (৩১)। তাদের কাছ থেকে মোবাইল, ল্যাপটপ ও মেমরি চিপ জব্দ করা হয়।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬