২১ আগস্টের গ্রেনেড হামলা বিএনপি-জামায়াত জোট ঘটিয়েছে: শেখ হাসিনা
-
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড তৎকালীন ক্ষমতাসীন জোট বিএনপি-জামায়াত ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বঙ্গবন্ধু এভিনিউয়ে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভায় আজ (মঙ্গলবার) সকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, '১৫ আগস্টের মতো ২১ আগস্ট গ্রেনেড হামলায়ও জিয়া পরিবার জড়িত। ওই হামলার পর তৎকালীন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া সংসদে দাঁড়িয়ে উপহাস করেছিলেন। সেই সরকার সংসদে দাঁড়িয়ে বলেছিল আমি নাকি গ্রেনেড ভেনিটি ব্যাগে করে নিয়ে গিয়েছিলাম। আমি বুঝলাম না হামলা মামলায় কখন আমরা অভ্যস্ত ছিলাম। খুন-গুমে তো তাঁরাই পারদর্শী। তারা কোটালিপাড়ায় বোমা হামলা করেছে। সারাদেশে ৬৩ জেলায় একযোগে বোমা হামলা হয়েছে তাঁদের শাসনামলে। কূটনীতিকদের ওপর হামলা করেছে। আমাদের দলের নেতাদের হত্যা করেছে। সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, সংসদ সদস্য আহসান উল্লা মাস্টারদের হত্যা বিএনপি-জামায়াতই করেছে।'
২১ আগস্ট হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা সমাবেশের অনুমতি চেয়েছিলাম। কিন্তু দিল না। আমরা আওয়ামী লীগের অফিসের সামনে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করে সমাবেশের আয়োজন করলাম। একজন ফটোগ্রাফার ছবি নিতে চেয়েছিল। ও বলল, আপা, ছবি নিতে পারিনি। এরপর একটার পর একটা গ্রেনেড হামলা চালান হলো।’
তিনি বলেন, ‘ঘটনাস্থলে আমাদের নেতাকর্মীরা ছুটে এলো। আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে চেয়েছিল তারা। তাদের ওপর লাঠিচার্জ করেছে, টিয়ার শেল মেরেছে। এমন অবস্থার সৃষ্টি করতে চেয়েছিল যাতে হামলাকারীরা চলে যেতে পারে।’
শেখ হাসিনা বলেন, ‘এ ধরনের ঘ্টনার আলামত সংরক্ষণ করতে হয়। সেগুলো রক্ষা করা হয়নি। তখন সিটি মেয়র (ঢাকা সিটি করপোরেশন) সাদেক হোসেন খোকা। আমি জাহাঙ্গীর কবির নানকসহ আমাদের নেতাকর্মীদের বললাম, তোমরা জায়গাগুলি চিহ্নিত করো। লাল পতাকা দিয়ে রক্ষা করার চেষ্টা করা হলো। গ্রেনেড যেটা পাওয়া গেছিল, সেটা রক্ষা করা হয় নাই। এক সেনা কর্মকর্তা গ্রেনেডটি সংরক্ষণ করতে চেয়েছিল। তাকে সাজা দেওয়া হয়েছিল, তিরস্কার করা হয়েছিল।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, '১৫ আগস্ট জাতির জনক হত্যাকাণ্ডে জিয়া পরিবার জড়িতে, এতে কোনো সন্দেহ নেই। কারণ স্বপরিবারে জাতির জনকের হত্যাকাণ্ডে জড়িতদের পরবর্তীতে রাষ্ট্রক্ষমতা দখল করে জিয়া পুরস্কৃত করেছিলেন। তাদের পূণর্বাসন করেছিল। গাড়িতে পতাকা তুলে দিয়েছিল। যেটি খালেদা জিয়াও অব্যাহত রেখেছিলেন।'
অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য, সম্পাদকমণ্ডলীর সদস্যসহ অনেকে উপস্থিত ছিলেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/২১
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন