প্রতিটি মুহূর্তে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি: শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i63957-প্রতিটি_মুহূর্তে_দেশের_মানুষের_মঙ্গলের_জন্য_কাজ_করে_যাচ্ছি_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষা খাতে ব্যয়কে তার সরকার মনে করে এটা বিনিয়োগ; যা দেশ গঠনে কাজে দেবে।
(last modified 2026-06-27T06:25:53+00:00 )
সেপ্টেম্বর ০১, ২০১৮ ১২:০৪ Asia/Dhaka
  • প্রতিটি মুহূর্তে দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি: শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উচ্চ শিক্ষা খাতে ব্যয়কে তার সরকার মনে করে এটা বিনিয়োগ; যা দেশ গঠনে কাজে দেবে।

আজ (শনিবার) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত আবাসিক ভবন ‘৭ মার্চ ভবন’ উদ্বোধন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রায় ৮৮ কোটি টাকা ব্যয় হয়েছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত ১১ তলাবিশিষ্ট ৭ মার্চ ভবনটি ঢাকা বিশ্ববিদ্যায়ের ছাত্রীদের আবাসিক সংকটের অনেকখানি সমাধান করবে।

শনিবার সকাল সাড়ে ১০টায় ভবনটি উদ্বোধন করে শেখ হাসিনা ভবনটি পরিদর্শন করেন। ভবনের অভ্যন্তরে স্থাপিত ৭ মার্চ জাদুঘরটিও ঘুরে দেখেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের খেয়াল রাখতে হবে যে শুধু একাডেমিক শিক্ষা গ্রহণ করলে চলবে না। সাথে সাথে আমাদের নৈতিক শিক্ষার প্রতিও দৃষ্টি দিতে হবে। শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।

তিনি বলেন, পৃথিবীর মধ্যে অত্যন্ত কম খরচে আমরা দেশে উচ্চ শিক্ষা দিয়ে যাচ্ছি। যেটি অন্য কোনো দেশে নেই। আমরা একটা আদর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করি। ক্ষমতা আমাদের ভোগের নয়, জনগণের সেবা। প্রতিটি মুহূর্তে আমরা দেশের মানুষের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সেভাবে আমরা শিক্ষাকেও বহুমুখী করার চেষ্টা করছি। সেক্ষেত্রে উচ্চ শিক্ষাকেও বেশি গুরুত্ব দিয়েছি। প্রাইমারি থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত বিনা বেতন ও বৃত্তির ব্যবস্থা করেছি।

তিনি উল্লেখ করেন, তার সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন মেডিকেল বিশ্ববিদ্যালয়, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছে। প্রতিষ্ঠা করেছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ও।

তিনি বলেন, আমরা উপযুক্ত ও দক্ষ কারিগর গড়ে তুলতে উচ্চ শিক্ষার প্রতি জোর দিচ্ছি। শিক্ষাকে বহুমুখী ও বিস্তৃত করার চেষ্টা করছি। যাতে আমাদের শিক্ষার্থীরা এখান থেকে শিক্ষা অর্জনের পর বিভিন্ন দেশে গিয়ে আরো উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। এ লক্ষ্যে আমরা প্রতিটা জেলায় বিশ্বববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা উচ্চ শিক্ষার পাশাপাশি গবেষণা কার্যক্রমের ওপরও জোর দিচ্ছি। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে বহুমুখী গবেষণা হচ্ছে। দেশের জনগোষ্ঠী যেন দক্ষ হয় সেজন্য গবেষণা দরকার। আমাদের দক্ষ জনগোষ্ঠী দরকার। সেদিকে লক্ষ্য রেখে আমরা শিক্ষাকে বহুমুখী করার চেষ্টা করছি।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, রোকেয়া হলের পাশে নবনির্মিত ‘৭ মার্চ’ ভবন সম্পর্কে বলেন,এটি একটি প্রতিকী নাম। ৭ মার্চ আমাদের জাতির জীবনে গৌরবময় অধ্যায়। সেদিন জাতির পিতা সোহরাওয়ার্দী উদ্যানে যে ভাষণ দিয়েছিলেন সেটাই আমাদের মুক্তিযুদ্ধে প্রেরণা ও দিকনির্দেশনা ছিল। জাতির মুক্তির জন্য এই দিনটির গুরুত্ব অপরিসীম।’#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১