‘খামোশ’ বললেই মানুষের মুখ বন্ধ হবে না: ড. কামালকে শেখ হাসিনা
https://parstoday.ir/bn/news/bangladesh-i66583-খামোশ’_বললেই_মানুষের_মুখ_বন্ধ_হবে_না_ড._কামালকে_শেখ_হাসিনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেছেন, খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারেন।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ডিসেম্বর ১৪, ২০১৮ ১৯:২১ Asia/Dhaka
  • শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণফোরাম সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের সমালোচনা করে বলেছেন, খামোশ বললেই কি মানুষের মুখ খামোশ হয়ে যাবে? খামোশ বললে জনগণ খামোশ হয়ে যাবে না, মানুষকে খামোশ রাখা যাবে না। লজ্জা কম বলেই সাংবাদিকরা প্রশ্ন করলে তারা খামোশ বলতে পারেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আজ (শুক্রবার) বিকেলে রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এর আগে সকালে মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে গিয়ে জামায়াত নেতাদের সঙ্গে একই প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ নিয়ে প্রশ্নের জবাবে এক সাংবাদিককে ‘খামোশ’ বলেন ড. কামাল হোসেন।

জাতীয় ঐক্যফ্রন্ট কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. কামাল হোসেন

এই প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, “যারা মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত তাদেরই পরিবারকে, তাদেরই আপনজনকে আজকে বিএনপিসহ যেই জোট করা হয়েছে সেখানে দেখা যায়। অত্যন্ত দুঃখের বিষয়, সেই জোটে অনেকেই সেখানে এখন আছে। তাদের কাছে আমার প্রশ্ন- যারা এত বড় অপরাধ করল, আর যেই পাকিস্তানি হানাদার বাহিনীকে আমরা পরাজিত করলাম, তাদের এই দোসরদের যখন ধানের শীষ দেওয়া হলো আর একই ধানের শীষ নিয়ে যারা এক সময় আমাদের সাথে ছিল বিএনপি জোটের সাথে তারা কীভাবে নির্বাচন করে, কিভাবে নির্বাচন করবে? এই প্রশ্নের উত্তর তারা জাতির কাছে দিতে পারবে কি না জানি না। তবে হ্যাঁ, তাদের লাজ-লজ্জা একটু কম আছে। কারণ আপনারা নিজেরাই দেখেছেন, একজনকে প্রশ্ন করতে তিনি খামোশ বলে দিলেন।”

ড. কামাল হোসেনের সমালোচনা করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, “যারা এতদিন আমাদের মানবতার কথা, দুর্নীতিবিরোধী কথা বলেছে…এমনকি কামাল হোসেন আমার নামেও বক্তৃতা দিয়েছেন। আমি নাকি মিগ-২৯ কিনে দুর্নীতি করেছি। কিন্তু কোনোটা প্রমাণ করতে পারেননি। বিশ্ব ব্যাংক দুর্নীতির তদন্ত করতে গিয়ে খালেদা জিয়ার পরিবারের দুর্নীতির তথ্য পেয়েছে।”

তিনি বলেন, “আজকে ড. কামাল, সুলতান মনসুর, কাদের সিদ্দিকী, মান্না- তাদের এত আবেগ দিয়ে জ্ঞানগর্ভ লেখা এবং বিবেকের কথা বলেন, এখন কোথায় গেল সেই বিবেক? ওই ধানের শীষে তারা আজকে নির্বাচন করছে। রাজনীতিকে কোথায় নামিয়েছে? তারা যদি ক্ষমতায় যায় তাহলে দেশের ভাগ্যে কী ঘটবে সেটাই আমার প্রশ্ন?”

শেখ হাসিনা বলেন, “যাদের বিএনপি মন্ত্রী করেছিল, পতাকা তুলে দিয়েছিল। আজকে মানবতাবিরোধী অপরাধে তাদের সাজা কার্যকর হয়েছে।এই লজ্জাটা বিএনপি রাখবে কোথায়? এই লজ্জাটাও তাদের নাই। এটাই বাস্তবতা। যারা তাদের সাথে হাত মিলিয়েছে, এই লজ্জা তারা রাখবে কোথায়- এটাই আমার প্রশ্ন।”

সভা পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন। বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।#

পার্সটুডে/ আশরাফুর রহমান/১৪

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন