দেশ রক্ষায় গণআন্দোলনের জন্য প্রস্তুত হোন: খন্দকার মোশাররফ হোসেন
https://parstoday.ir/bn/news/bangladesh-i69767-দেশ_রক্ষায়_গণআন্দোলনের_জন্য_প্রস্তুত_হোন_খন্দকার_মোশাররফ_হোসেন
দেশ রক্ষায় গণআন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার নেতৃত্বে গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে। তাই সকলকে আহ্বান করছি গণ-আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
এপ্রিল ২২, ২০১৯ ১২:৩২ Asia/Dhaka
  • বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন
    বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

দেশ রক্ষায় গণআন্দোলনের প্রস্তুতি নিতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে। এ অবস্থা থেকে বের হয়ে আসতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং তার নেতৃত্বে গণ-আন্দোলন সৃষ্টি করতে হবে। তাই সকলকে আহ্বান করছি গণ-আন্দোলনের প্রস্তুতি নেয়ার জন্য।

আজ (সোমবার) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি আয়োজন করে স্বাধীনতা ফোরাম।

ড. মোশাররফ বলেন, বর্তমান দেশের জনগণ নিজেদেরকে কোনভাবেই নিরাপদ মনে করে না। কিছুদিন আগে আমাদের এক ছোট বোনকে নৃশংসভাবে হত্যা করেছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আর গণতন্ত্র ফেরাতে খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। তিনি ছাড়া দেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না।

সরকারের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান অবৈধ সরকার খালেদা জিয়া ও তার দল বিএনপিকে ভয় পায়। এজন্যই খালেদা জিয়া আজ কারাগারে। তার কোন দোষ ছিল না। দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বলেই তাকে আটকে রাখা হয়েছে। তিনি সবচেয়ে জনপ্রিয় এটাই তার দোষ। গণতন্ত্র ফিরিয়ে আনার লড়াই করাই তার দোষ। এজন্যই অবৈধ সরকার রাজনীতির রোষানলে তাকে আটক করে রেখেছে।

আয়োজক সংগঠনের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে কর্মসূচিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য হাবিবুর রহমান হাবিব, যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদাসহ অন্যরা অংশ নেন।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/২২