বিএনপি মহাসচিবের কোনো চিঠি আমার কাছে পৌঁছেনি: স্পিকার
https://parstoday.ir/bn/news/bangladesh-i69998-বিএনপি_মহাসচিবের_কোনো_চিঠি_আমার_কাছে_পৌঁছেনি_স্পিকার
সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কোনো চিঠি পাননি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
এপ্রিল ৩০, ২০১৯ ১৫:২৪ Asia/Dhaka
  • ড. শিরীন শারমিন চৌধুরী
    ড. শিরীন শারমিন চৌধুরী

সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে কোনো চিঠি পাননি বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

আজ (মঙ্গলবার) জাতীয় সংসদে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। শিরীন শারমিন চৌধুরী বলেন, 'এমপি হিসেবে শপথ নেয়ার সময় বাড়ানোর বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোনও চিঠি আমার কাছে পৌঁছেনি। যদি ২৯ এপ্রিলের মধ্যে কোনও চিঠি সংসদ সচিবালয়ে পৌঁছে থাকে তবে তা গ্রহণ করা হবে। আর সময় চেয়ে মির্জা ফখরুল কোনও চিঠি না দিয়ে থাকলে সংবিধান অনুযায়ী ওই আসনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।'

সংবিধানের ৬৭ নং অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে নব্বই দিনের মধ্যে সংসদের কোনো এমপি শপথ গ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষর করতে অসমর্থ হলে তার আসন শূন্য হবে। তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হওয়ার পূর্বে স্পিকার যথার্থ কারণে তা বর্ধিত করতে পারবেন।

গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এর পরের মাসে অর্থাৎ ৩০ জানুয়ারি সংসদের প্রথম অধিবেশন বসে। সে হিসেবে ২৯ মার্চ সংসদ অধিবেশনের ৯০ দিন শেষ হয়। 

এবারের নির্বাচনে বিএনপির নেতৃত্বে অংশ নেয় জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে গণফোরামসহ বেশ কয়েকটি দল। এতে ৩০০ আসনের মধ্যে বিএনপি ছয়টি এবং গণফোরাম দুটি আসনে বিজয়ী হয়।

একাদশ সংসদে এখন পর্যন্ত গণফোরামের দুইজন এবং বিএনপির পাঁচজন নির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণ করেছেন। শপথ নিতে বাকি রয়ে যাওয়া মির্জা ফখরুল বলছেন, দলীয় সিদ্ধান্তেই কৌললের অংশ হিসেবে শপথ নিচ্ছেন না তিনি।# 

পার্সটুডে/আশরাফুর রহমান/৩০