সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে: ফখরুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i70023-সরকার_মেগা_প্রকল্পের_নামে_মেগা_দুর্নীতি_করছে_ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মে দিবসের এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০১, ২০১৯ ১৩:৫৮ Asia/Dhaka
  • সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ মে দিবসের এক অনুষ্ঠানে অভিযোগ করেছেন, সরকার মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করছে।

বুধবার সকাল সাড়ে ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মে দিবসের শোভযাত্রার উদ্বোধনের সময় ফখরুল বলেন, সরকার তাদের দুর্নীতিকে বৈধ করার জন্য বিভিন্ন পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। তারা একদিকে শেয়ার মার্কেট লুট করছে, ব্যাংক লুট করছে, অন্যদিকে মেগা প্রজেক্টের নামে মেগা লুট করছে।

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আজকে একটি মহান দিন। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশে শ্রমিক ভাইদের মর্যাদা নেই। শ্রমিকদের ন্যায্য মজুরি নেই, শ্রমিক ভাইয়েরা মানবেতর জীবনযাপন করেন। দ্রব্যমূল্য প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। চালের দাম বৃদ্ধি পাচ্ছে। বাসা ভাড়া এমনকি বিদ্যুতের দাম বৃদ্ধি পাচ্ছে। এই সরকার তাদের দুর্নীতিকে বৈধ করার জন্য এসব পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে। বিএনপি মহাসচিব বলেন, আজকে শ্রমজীবী মানুষের কাছ থেকে টাকা কেটে নেওয়া হয়। সেই টাকা দিয়ে তারা দুর্নীতির পদ্মাসেতু নির্মাণ করে, তারা কর্ণফুলী টানেল নির্মাণ করে, যেগুলো সম্পূর্ণ অপ্রয়োজনীয়।

তিনি আরও বলেন, ‘গার্মেন্ট ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি আয় করে। তাদের আয়ে বাংলাদেশ চলে। যারা বিদেশে কাজ করেন, তাদের রেমিটেন্সে বাংলাদেশ টিকে আছে। তাদের টাকাগুলোকে সরকার নষ্ট করে, অপচয় করে।’ মে দিবস অধিকার আদায়ের দিন উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার একদিকে আমাদের ভোটের অধিকার লুট করেছে। অন্যদিকে আমাদের ভাতের অধিকার লুট করছে। শুধু গণতন্ত্র নয়, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও আমাদের বেঁচে থাকার জন্য, অস্তিত্ব রক্ষার জন্য জনগণের ঐক্য, শ্রমিক জনতার ঐক্য অত্যন্ত জরুরি।’

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে নয়াপল্টন থেকে বের হওয়া শ্রমিক দলের র‌্যালি শান্তিনগর ঘুরে ফের নয়াপল্টনে এসে শেষ।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/বাবুল আখতার/১