খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল
https://parstoday.ir/bn/news/bangladesh-i70152-খালেদা_জিয়ার_বিরুদ্ধে_নাইকো_মামলার_অভিযোগ_গঠনের_শুনানি_আবার_পেছাল
কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজ তাকে নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ অবস্থায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি আরো একবার  পিছিয়ে আগামী ১৯ মে পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে আদালত।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ০৬, ২০১৯ ১২:২১ Asia/Dhaka
  • খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো মামলার অভিযোগ গঠনের শুনানি আবার পেছাল

কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় আজ তাকে নাইকো দুর্নীতি মামলায় আদালতে হাজির করা সম্ভব হয়নি। এ অবস্থায় এ মামলার অভিযোগ গঠনের শুনানি আরো একবার  পিছিয়ে আগামী ১৯ মে পরবর্তী তারিখ ঠিক করে দিয়েছে আদালত।

আজ (সোমবার) দুপুরে পুরোনো কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ-৯ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

আজ এ মামলার অভিযোগ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। আদালতে খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার  আইনজীবীরা এ মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানোর আবেদন জানান। শুনানি শেষে বিচারক সময়ের আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠনের শুনানির জন্য পরবর্তী তারিখ ঠিক ধার্য করে। এর আগে গত ১২ ফেব্রুয়ারি খালেদা জিয়ার শারীরিক অবস্থা ভালো না জানিয়ে তার চিকিৎসার জন্য আবেদন জানান তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। এরপর গত ১ এপ্রিল খালেদা জিয়াকে কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া হয়। এখনও তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে ২০০৭ সালে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন দুদক। পরের বছর ৫ মে ওই মামলায় খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন দুদকের সহকারী পরিচালক এস এম সাহেদুর রহমান। অভিযোগপত্রে প্রায় ১৩ হাজার ৭ শ ৭৭ কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতির অভিযোগ আনা হয়।

২০১৭ সালের ২০ নভেম্বর দুর্নীতি দমন কমিশনের স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতে খালেদা জিয়াসহ মামলার ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান।

নাইকো দুর্নীতি মামলার অন্য  অভিযুক্তরা  হলেন- সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব খন্দকার শহীদুল ইসলাম এবং সাবেক সিনিয়র সহকারী সচিব সি এম ইউছুফ হোসাইন, ঢাকা ক্লাবের সাবেক সভাপতি সেলিম ভূঁইয়া, ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন বাগেরহাটের সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম এবং নাইকোর দক্ষিণ এশিয়া-বিষয়ক ভাইস প্রেসিডেন্ট কাশেম শরীফ। ইতোমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদসহ অন্য অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে।#

পার্সটেুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৬