জোট-ফ্রন্টে ক্ষোভ প্রশমনে বিএনপির বৈঠক, শরীকদের 'সন্তোষ'
https://parstoday.ir/bn/news/bangladesh-i70362-জোট_ফ্রন্টে_ক্ষোভ_প্রশমনে_বিএনপির_বৈঠক_শরীকদের_'সন্তোষ'
২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টে বিরাজমান ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছে বিএনপি। এ নিয়ে আজ (সোমবার) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মে ১৩, ২০১৯ ১৬:০৩ Asia/Dhaka

২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টে বিরাজমান ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়েছে বিএনপি। এ নিয়ে আজ (সোমবার) বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গত ৩০ ডিসেম্বরের একাদশ সংসদ নির্বাচনের ফলাফল সর্বসম্মতিক্রমে প্রত্যাখ্যান করার পরেও বিএনপির এমপিদের আচমকা শপথ গ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের কোনো কোনো শরীক দলের।

এছাড়া, নির্বাচন ইস্যুতে ঐক্যফ্রন্টের সাথে জোট করা এবং শরীক দলগুলোর প্রতি অবজ্ঞার অজুহাতে ২০ দলীয় জোটের শরীক বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) প্রধান আন্দালিব রহমান পার্থ এরইমধ্যে ঘোষণা দিয়ে জোট ছেড়ে চলে গেছেন। আরেক শরীক লেবার পার্টি প্রধান ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান জোট ছাড়ার হুমকি দিয়ে ২৩ মে পর্যন্ত সময়সীমা বেধে দেন।

ওদিকে জাতীয় ঐক্যফ্রন্টের নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বিএনপি ও ফ্রন্টের নেয়া সাম্প্রতিক নানা সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে অসংহতি নিরসনের দাবি জানিয়ে ফ্রন্টে থাকা-না থাকার ব্যাপারে সময়সীমা বেধে দিয়েছেন।

এরকম পরিস্থিতিতে জোট ও ফ্রন্টে বিরাজমান ক্ষোভ প্রশমনে উদ্যোগী হয়ে তিন মাস পর ২০ দলীয় জোটের বৈঠক ডাকল জোটের নেতৃত্বে থাকা বিএনপি। গত ১১ ফেব্রুয়ারি জোটের সর্বশেষ বৈঠক হয়েছিল।

আজকের মিটিং প্রসঙ্গে বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স রেডিও তেহরানকে জানান, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং  কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন জোরদার করতে পরবর্তী কর্মসূচি নিয়েই মূলত আজকের বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে অংশগ্রহণকারী ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি রেডিও তেহরানকে বলেন, বিএনপি’র পক্ষ থেকে ২০ দলীয় নেতাদের ইফতারের দাওয়াত জানানো হয়েছিল এবং সেখানে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অলাপ হয়েছে। বিএনপি’র পাঁচজন সদস্য সংসদে যোগদানের বিষয়ে দলের  মহাসচিব বৈঠকে উপস্থিত নেতাদের কাছে ব্যাখ্যা দেন। নেতৃবৃন্দ তাতে সন্তুষ্ট হন এবং সংসদে যোগদান না করার জন্য বিএনপি মহাসচিবকে ধন্যবাদ জানান।

সাইফুদ্দিন আহমেদ আরো জানান, ২০ দলীয় জোটের বাইরেও ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টে থাকার ব্যাপারেও ইতিবাচক মতামত দিয়েছেন জোটের নেতারা। 

বৈঠক সূত্রে জানা গেছে, সংসদে যোগ দেয়ার সিদ্ধান্তের বিষয়ে বিএনপি’র পক্ষ থেকে শরীকদের বিস্তারিত অবহিত করা ছাড়াও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বিশেষ করে বিএনপি চেয়ারম্যানের মুক্তির দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়েও কথা হয়েছে।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।