ধানের ন্যায্যমূল্য ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে বিএনপির কর্মসূচি
https://parstoday.ir/bn/news/bangladesh-i70520-ধানের_ন্যায্যমূল্য_ও_পাটকল_শ্রমিকদের_বকেয়া_বেতন_পরিশোধে_বিএনপির_কর্মসূচি
বাংলাদেশে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২১ মে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ২৩ মে ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে মানববন্ধন কর্মসূচি।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
মে ১৯, ২০১৯ ১৩:৩৮ Asia/Dhaka
  • ধানের ন্যায্যমূল্য ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধে বিএনপির কর্মসূচি

বাংলাদেশে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত ও পাটকল শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির মধ্যে রয়েছে, আগামী ২১ মে মঙ্গলবার সারাদেশে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং ২৩ মে ইউনিয়ন পর্যায়ে হাট-বাজারে মানববন্ধন কর্মসূচি।

আজ (রোববার) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার নির্ধারিতমূল্যে ধান না কিনে কৃষককে মধ্যস্থতাকরীদের কাছে জিম্মি করে ফেলেছে। ধানের ন্যায্যমূল্য না থাকায় টাঙ্গাইলের কালিহাতি, জয়পুরহাট, নেত্রকোণাসহ বিভিন্ন স্থানে কৃষক পাকা ধানক্ষেতে আগুন দিচ্ছে; সড়কে ধান ছিটিয়ে প্রতিবাদ করছে। প্রতি বিঘা জামিতে কৃষকের ক্ষতি হচ্ছে ২ হাজার টাকা। অথচ পুঁজিপতিরা বিশাল ঋণ মওকুফ পাচ্ছে, হাজার হাজার কোটি টাকা লুট করে খাচ্ছে, মেগা প্রকল্পের নামে দেশজুড়ে হরিলুট চলছে। অথচ ১৭ কোটি মানুষের খাদ্যের যোগানদাতা অসহায় কৃষকদের ভর্তুকি দেয়া হচ্ছে না। ন্যায্য ল্য থেকে তারা বঞ্চিত হচ্ছেন।

পাটকল শ্রমিকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা জানিয়ে রিজভী বলেন, জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া মজুরীসহ ৯ দফা দাবিতে বাংলাদেশে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন পাটকলের শ্রমিকরা আন্দোলন করছে। দেশের ২৬টি পাটকলে একযোগে লাগাতার ধর্মঘট শুরু করলেও সরকার তাদের যৌক্তিক দাবি মেনে নিচ্ছে না। বেতন না পেয়ে শ্রমিকরা অর্ধাহার ও অনাহারে জীবন যাপন করছে। অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, একটি জাতিকে ধ্বংস করে দেয়ার জন্য সে জাতির শিক্ষাব্যবস্থা ধ্বংস করে দেয়াই যথেষ্ট। আজ যদি কেউ বলে অশিক্ষা, কুশিক্ষা ও নকল দিয়ে অত্যন্ত পরিকল্পিতভাবে সরকার দেশে এ কাজটিই করছে, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে কি?

মঈন খান বলেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ে একসময় আমরা গর্ব করতাম, যে বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার দর্পণ হিসেবে বিবেচনা করা হয়, তার নাম এশিয়ার ৪১৭টি বিশ্ববিদ্যালয়ের তালিকাতেও নেই। বৈশ্বিক র‌্যাংকিংয়ে হাজারের মধ্যেও কেন নেই, সেটা আজ জাতির কাছে বড় প্রশ্ন।

এদিকে, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার চার্জ গঠনের শুনানির তারিখ আবারো পেছানো হয়েছে। তার আইনজীবীদের করা সময়ের আবেদন গ্রহণ করে ৩০ মে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

আজ (রোববার) দুপুরে কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান নতুন দিন ধার্য করেন। অসুস্থতার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় খালেদা জিয়াকে আদালতে হাজির করা যায়নি।#

পার্সটুডে/শামস মন্ডল/বাবুল আখতার/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।