সংরক্ষিত আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা
-
ব্যারিস্টার রুমিন ফারহানা
বাংলাদেশের জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনটির জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আজ সোমবার (২০ মে) দুপুর ১টা ১০ মিনিটে নির্বাচন কমিশনে (ইসি) সংরক্ষিত নারী আসনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেমের কাছে মনোনয়নপত্র জমা দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
আগামীকাল (মঙ্গলবার, ২১ মে)। ২৮ তারিখ এই নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। আজ আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দিলে এবং ব্যারিস্টার রুমিন ফারহানা ২৮ তারিখের মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার না করে নিলে নির্ধারিত সময়ের পর একক প্রার্থী হিসেবে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হবে।
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে ৫০টি সংরক্ষিত আসন বণ্টন করা হয়। সে হিসেবে সরাসরি ভোটে নির্বাচিত বিএনপি’র ছ’টি আসনের বিপরীতে একটি সংরক্ষিত আসন পায় দলটি।
এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরও শক্তিশালী হতো । বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য মির্জা ফখরুলের যোগদান আবশ্যক ছিল।
সোমবার (২০ মে) বনানীর সেতু ভবনে প্রকল্প কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন ওবায়দুল কাদের। চিকিৎসা শেষে ফেরার পর এই প্রথম রাজনৈতিক প্রসঙ্গে বক্তব্য রাখলেন মন্ত্রী।
ওবায়দুল কাদের বিরোধী দলের শক্তিশালী ভূমিকা আশা করে বলেন, ‘তারা যদি সংসদের বাইরেও কথা বলেন তাতে করে সরকারি দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। তবে যদি তাতে সহিংসতার উপাদান যুক্ত হয় তখন অবশ্যই নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতির জন্য যা করা দরকার প্রশাসন সেটা করবে।’
এ ছাড়া, সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি এখন ধার করা নেতৃত্ব দিয়ে চলছে। ভাড়া করা নেতা ড. কামাল হোসেন তো আছেনই। বিএনপি এখন নতুন করে আরো নেতৃত্ব ভাড়া করবে কি না, তারাই জানে।
সোমবার (২০ মে) নিজ দফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত আসামি। পলাতক আসামি। দেশের বাইরে থেকে দলের নেতৃত্ব দেওয়া সহজ নয়। ফলে বিএনপির সিদ্ধান্তহীনতার কারণে দৈন্য দশায় আছে।
তিনি বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেও করেনি। যেমন, তারা নির্বাচনে অংশ নিলেও মাঠে তৎপর ছিল না। তাদের কোনো প্রচারণা ছিল না, অনেকে কেন্দ্রে এজেন্ট দেয়নি। আর মনোনয়ন বাণিজ্য তো হয়েছেই। এক আসনে একাধিক প্রার্থী ছিল। মনোনয়ন বাণিজ্যের কারণে লেজেগোবরে হয়ে গেছে তাদের নির্বাচন। লন্ডন থেকে সেই মনোনয়ন বাণিজ্যের সূত্রপাত। ঢাকাতেও বাণিজ্য হয়েছে। সোজা কথা, বিএনপি দৈন্য দশায় পৌঁছে গেছে।
খালেদা জিয়ার মামলায় সরকার হস্তক্ষেপ করেনি বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়া আদালতে শাস্তি পেয়েছেন। তার বিচারের জন্য সরকার তো কোনো বিশেষ ট্রাইব্যুনাল গঠন করেনি। ওই মামলাও সরকার দেয়নি। বরং তারা যতবার আদালত থেকে সময় নিয়েছে, সেটা নজিরবিহীন। সরকার আইনকে প্রভাবিত করেনি। বরং তারা বারবার সময় নিয়ে আদালতকে হেনস্থা করেছে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ আশরাফুর রহমান/বাবুল আখতার/ ২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।