বগুড়া-৬ আসনে দলীয় মনোনয়ন নিলেন ৪ নেতা, প্রস্তুত হচ্ছে খালেদার কাগজপত্র
-
বেগম খালেদা জিয়া
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্তে বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য দলীয় মনোনয়ন নিয়েছেন চার প্রার্থী। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাগজপত্র প্রস্তুত করার কাজ চলমান থাকায় তার মনোনয়নপত্র এখনো সংগ্রহ করা হয়নি।
আজ (বুধবার) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন আগ্রহী প্রার্থী ও তাদের প্রতিনিধিরা। মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যাদের পক্ষে দলীয় মনোনয়ন সংগ্রহ করা হয়েছে তারা হলেন- বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া পৌরসভার মেয়র ও খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। যাদের মনোনয়নপত্র বৈধ হবে, তাদের মধ্য থেকে একজনকে চূড়ান্ত মনোনয়ন দেবে দল।
গতকাল (মঙ্গলবার) বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বগুড়া জেলা বিএনপি নেতাদের সঙ্গে স্কাইপের মাধ্যমে বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সিদ্ধান্ত দিয়েছেন বলে বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুল আহমেদ খান রুবেল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সম্প্রতি ২০-দলীয় জোটের বৈঠকেও নির্বাচনে যাওয়ার কথা জানিয়েছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ বিষয়ে জেলা নেতাদের মতামত জানতেই গতকাল বগুড়া জেলা নেতাদের ঢাকায় ডাকা হয়।
একাধিক সূত্র জানিয়েছে, বেগম জিয়ার মনোনয়ন অবৈধ ঘোষণা হতে পারে সেটা ধরে নিয়ে আরও চারজনকে মনোনয়নপত্র দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত জিএম সিরাজই এ আসনে প্রার্থী হচ্ছেন বলে ধারণা করছেন স্থানীয় নেতা-কর্মীরা। গতকালের বৈঠকেও এমন আভাসই পেয়েছেন উপস্থিত নেতারা। কারণ হিসেবে এক নেতা বলেন, মনোনয়নপত্র সংগ্রহের জন্য ক্রমানুসারে পাঁচজনের নাম বলেছেন তারেক রহমান। সেখানে খালেদা জিয়ার পরই জিএম সিরাজের নাম বলা হয়।
৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হন। সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে শপথ গ্রহণ না করায় তার আসন শূন্য হয়ে যায়। আগামী ২৪ জুন এ আসনে ভোটগ্রহণ।
এদিকে বৈঠকে বগুড়া জেলা কমিটি গঠন নিয়ে মারামারি, দলীয় কার্যালয়ে তালা এবং বহিষ্কারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তারেক রহমান। তিনি নেতাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশ দেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২২
খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন