খালেদা জিয়ার মুক্তির নিয়ে বিএনপি-আওয়ামী লীগের ভাবনা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, কারাবন্দী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তার দল ঈদের পর আন্দোলনের পরিকল্পনা করছে। একইসাথে তাদের জোট সঙ্গীরা আশা করছে, বেগম জিয়ার মুক্তির দাবিতে অচিরেই গোটা দেশে তীব্র আন্দোলন সৃষ্টি হবে।
তবে আওয়ামী লীগ নেতারা বলছেন, আন্দোলন করে বেগম জিয়ার মুক্তি সম্ভব নয়। তাকে মুক্ত করতে আইনি লড়াই করতে হবে। এছাড়া সরকারি দল আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাঠে নামতে চায় যাতে আপাতত: নিস্তেজ বিএনপি-জামায়াত আর কোনদিন রাজনীতিতে মাথাচাড়া দিয়ে দাঁড়াতে না পারে।
উল্লেখ্য, দু’টি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড নিয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাবন্দী রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মুক্তির দাবিতে সভা-সমাবেশ, প্রতিবাদ মিছিল, মানববন্ধন এবং অনশন কর্মসূচি পালন করেও সরকারবিরোধী প্রবল কোন জনসমর্থন গড়ে তুলতে পারেনি তার দল বিএনপি বা তাদের জোট।
এ প্রসঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, দেশে নির্বাচিত সরকার নেই, গণতন্ত্র নেই, আইনের শাসন নেই। নেই জবাবদিহিতার কোন জায়গা, এমন পরিস্থিতিতে বেগম জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে আন্দোলন গড়ে তুলতে হবে। বিএনপি সেজন্য প্রস্তুতি নিচ্ছে।
তবে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি'র আন্দোলন সক্ষমতাকে কটাক্ষ করে বলেছেন, খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে তার দল এমন কোন আন্দোলন করতে পারে নি, যাতে সরকার বা আদালতের ওপর সেরকম একটা চাপ সৃষ্টি হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান মন্তব্য করেছেন, বেগম জিয়া কোন রাজনৈতিক কারণে জেলে নেই তিনি জেলে আছেন দুর্নীতির কারণে। বিএনপির প্রমাণ করতে হবে বেগম জিয়া দুর্নীতি করেন নি, তার জন্য বিএনপিকে আদালতে যেতে হবে।
এ অবস্থায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের এক বৈঠক শেষে জোটের মুখপাত্র মোহাম্মদ নাসিম বিএনপি জামায়াতকে প্রতিহত করার জন্য জেলা ও বিভাগীয় পর্যায়ে জোটের নেতা-কর্মীদের সক্রিয় হবার আহ্বান জানিয়েছেন।
আগামী ২৩ জুন আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তৃণমূল পর্যায়ে সরকারের সমর্থনে এবং বিএনপি-জামায়াতের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারনা জোরদার করার কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৮