বিএনপি নেতাদের মুখে বিচারহীনতার কথা শোভা পায় না: ওবায়দুল কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i71568-বিএনপি_নেতাদের_মুখে_বিচারহীনতার_কথা_শোভা_পায়_না_ওবায়দুল_কাদের
বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যায় জড়িতদের রাতারাতি গ্রেপ্তার করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ২৮, ২০১৯ ১২:৩৮ Asia/Dhaka
  • আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

বরগুনার চাঞ্চল্যকর রিফাত শরীফ হত্যায় জড়িতদের রাতারাতি গ্রেপ্তার করা সম্ভব নয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কাযালয়ে এক সংবাদ সম্মেলন এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, অপরাধ সংঘঠনের পর অপরাধীরা পালানোর চেষ্টা করে এটাই স্বাভাবিক। তাই অপরাধীদের রাতারাতি গ্রেপ্তার করা সম্ভব হয় না। বরগুনায় রিফাত হত্যায় জড়িত ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তার চেষ্টা চলছে। কাউকে ছাড় দেয়া হবে না। কেউ যাতে পালাতে না পারে সেজন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

বিচারহীনতার কারণেই এমন ঘটনা ঘটছে, বিএনপি নেতাদের এমন বক্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তিনি বলেন, নিজেদের শাসনামলে বিচারহীনতার বিশ্বরেকর্ড গড়েছিল বিএনপি। তাই তাদের মুখে বিচারহীনতার কথা শোভা পায় না। তিনি আরো বলেন, বিচারহীনতার সংস্কৃতি বিএনপি সরকারের সময় ছিল। আওয়ামী লীগ সরকারের সময় কেউ অপরাধ করে পার পাই না। অপরাধ করে আমাদের এমপি কারাগারে আছে। সুতরাং বর্তমান সরকারের সময় অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে।

জামায়াত এখন দেশপ্রেমিক শক্তি, এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের এমন মন্তব্যের বিষয়ে তিনি বলেন, জামায়াত সময়ের পরীক্ষায় উত্তীর্ণ নয়। পরিবর্তিত রূপ নিয়ে আসলেও কাজের মধ্যেই প্রমাণিত হবে, তারা দেশপ্রেমিক কিনা?

জুলাইয়ের প্রথম দিন থেকে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ শুরু হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, নবায়নের তুলনায় সদস্য সংগ্রহের ব্যাপারে বেশি গুরুত্ব দেয়া হবে। অন্য দলের কাউকে সদস্য করার প্রশ্ন ওঠে না। সদস্য সংগ্রহের বিষয়ে তার ব্যাকগ্রাউন্ড বিবেচনা করা হবে। এখানে পরিবার মূখ্য বিষয় নয়।#

পার্সটুডে/শামস মন্ডর/ বাবুল আখতার/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।