গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল, রোববার হরতাল
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। আজ সোমবার দুপুর পৌনে ১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিংগেল মোড় ঘুরে পুনরায় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে গ্যাসের মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রিজভী বলেন, ‘বর্তমান অবৈধ সরকার জনগণের জীবন-জীবিকায় আঘাত হানার উদ্দেশ্যেই ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধি করেছে। আওয়ামী সরকার জনগণের সমর্থনপ্রত্যাশী নয় বলেই এরা জনগণের ভালো-মন্দ বিচার করে না।’
তিনি বলেন, ‘জনগণকে শোষণই এদের শাসনের একমাত্র লক্ষ্য। জনগণের ওপর নির্মম ও অমানবিক শোষণ চালিয়ে সরকারের লোকদের অবৈধ অর্থ উপার্জনের সুযোগ সৃষ্টি করে দিতেই গ্যাসের মূল্যবৃদ্ধির বোঝা চাপানো হয়েছে জনগণের কাঁধে। আমরা সরকারের এই বেআইনি সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে ভোক্তাপর্যায়ে গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।’
সরকার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি রাজপথে জোরদার আন্দোলন গড়ে তুলবে বলেও হুঁশিয়ারি দেন রিজভী।
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে হরতাল
গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই (রোববার) সারা দেশে আধাবেলা হরতাল ডেকেছে বাম গণতান্ত্রিক জোট।
আজ (সোমবার) দুপুরে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভা শেষে বাম গণতান্ত্রিক জোটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জনস্বার্থ উপেক্ষা করে গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে, সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে এবং গণদুর্ভোগের বাজেটের প্রতিবাদে আগামী ৭ জুলাই দেশব্যাপী অর্ধদিবস (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতালের ডাক দিয়েছে বাম গণতান্ত্রিক জোট।
গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ: ওয়ার্কার্স পার্টি
এদিকে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি এক বিবৃতিতে বলেছে, গ্যাসের দাম বৃদ্ধির ফলে গরিব-মধ্যবিত্তের উপর চরম চাপ সৃষ্টি হবে। এ গ্যাসের দাম বৃদ্ধি অবৈধ।
রোববার সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর বৈঠকের পর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়। বিবৃতিতে নেতারা বলেন, জাতীয় সংসদে বাজেট পাসের আগেই গ্যাসের দাম ৩২ শতাংশ বাড়ানো হলো। দাম বৃদ্ধির প্রভাব শুধুমাত্র গৃহস্থালি কাজের উপরেই পড়বে না পরিবহন, শিল্পখাত এবং বিদ্যুৎ খাতসহ প্রায় সব ক্ষেত্রেই দাম বেড়ে যাবে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এ বাজেট মধ্যবিত্তের উপর কোনও প্রভাব ফেলবে না। জিনিসপত্রের দামও বাড়বে না। অথচ আমরা দেখছি বাজেট শেষ না হতেই গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে।
ওয়ার্কার্স পার্টির নেতারা আরও বলেন, কিছুদিন আগেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে। যা ছিল অবৈধ। এনার্জি রেগুলেটরি কমিশন এভাবে আবারও গ্যাসের দাম বাড়াতে পারে না। সুতরাং ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো গ্যাসের দাম বৃদ্ধির প্রত্যাহার দাবি করছে। সেই সঙ্গে সংসদে এ বিষয়ে আলোচনা করেই সিদ্ধান্ত গ্রহণের দাবি জানাচ্ছে।
গ্যাসের দাম বেড়ে এক চুলায় ৯২৫, দুই চুলায় ৯৭৫ টাকা
গতকাল এক সংবাদ সম্মেলনে ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দাম অনুযায়ী গৃহস্থালীতে ব্যবহারের জন্য প্রতি মাসে গ্রাহকদের এক বার্নার চুলার জন্য গ্যাসের দাম ৯২৫ টাকা ও দুই বার্নার চুলার জন্য ৯৭৫ টাকা গুনতে হবে। ১ জুলাই থেকে গ্যাসের নতুন দাম কার্যকর করা হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী সিএনজিচালিত অটোরিকশায় ব্যবহৃত সিএনজি’র দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ৪৩ টাকা। এছাড়া বাণিজ্যিক প্রতিষ্ঠানের মধ্যে হোটেল ও রেস্টুরেন্টের জন্য প্রতি ঘনমিটার ২৩ টাকা এবং ক্ষুদ্র ও কুটির শিল্পের জন্য গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে প্রতি ঘনমিটার ১৭ টাকা ৪ পয়সা।
বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাস প্রতি ঘনমিটার ৪ টাকা ৪৫ পয়সা, ক্যাপটিভ পাওয়ারে ১৩ টাকা ৮৫ পয়সা, সার কারখানায় ৪ টাকা ৪৫ পয়সা এবং শিল্প কারখানা ও চা বাগানে ১০ টাকা ৭০ পয়সা করা হয়েছে প্রতি ঘনমিটার গ্যাসের দাম।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১