বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে: পরিকল্পনামন্ত্রী
-
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান
বিদেশে পলাতক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের আশা জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিরা আমেরিকা, কানাডাসহ বিভিন্ন দেশে পালিয়ে আছেন। তাদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলছে। যথাযথ প্রক্রিয়ায় ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে।
আজ (শুক্রবার) দুপুরে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ অডিটোরিয়ামে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।
পরিকল্পনামন্ত্রী বলেন, যারা বাঙালিত্বে বিশ্বাস করে তারা কখনো বঙ্গবন্ধুকে ভুলতে পারেনা। কারণ বঙ্গবন্ধুর কাছে আমাদের চিরদিনের ঋণ রয়েছে। এ ঋণ শোধ করা সম্ভব নয়। বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন; কথা বলার অধিকার দিয়ে গেছেন। বড় বড় কথা না বলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে আমাদের কাজ করে যেতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার সময় আমাদের নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু আর এখন আমাদের উন্নয়নের নেতা শেখ হাসিনা। তার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারছি আমরা। বাংলাদেশ এখন আর নেতৃত্ব শূন্য নয়। শেখ হাসিনাই আমাদের বড় নেতা। তাই ঘর থেকে বেরিয়ে এসে আমাদেরকে সমর্থন করুন, দেশ এগিয়ে যাবে।
এদিকে, ২১ আগস্ট গ্রেনেড হামলায় জড়িতদের বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে, এখন সময়ের অপেক্ষা বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। আজ (শুক্রবার) সকালে কালিন্দি ইউনিয়ন বহুমূখী উচ্চ বিদ্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, নিম্ন আদালতে বিচারের রায় হয়েছে। নিম্ন আদালতের মতো উচ্চ আদালতেও গ্রেনেড হামলা মামলায় ন্যায়বিচার আসবে। আমরা বিশ্বাস করি, চূড়ান্ত রায় যথা সময়ে পাবো। ২১ আগস্ট খুনিদেরও আমরা বিচার করতে পারবো।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর দীপ্ত শপথ, তাদের স্থান বাংলাদেশে নেই। তারেক রহমানসহ সবাইকে ফিরিয়ে এনে আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো। শুধু অপেক্ষা করতে হচ্ছে।#
পার্সটুডে/ শামস মন্ডল/এমবিএ/২৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।