৯৩ শতাংশ বাড়িতে এখন বিদ্যুৎ, পুলিশের সেবা প্রশংসনীয়: প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/bangladesh-i73558-৯৩_শতাংশ_বাড়িতে_এখন_বিদ্যুৎ_পুলিশের_সেবা_প্রশংসনীয়_প্রধানমন্ত্রী
বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের ৯৩ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে জানান তিনি।
(last modified 2026-06-24T09:59:37+00:00 )
সেপ্টেম্বর ১১, ২০১৯ ০৯:৩২ Asia/Dhaka
  • শেখ হাসিনা (ফাইল ফটো)
    শেখ হাসিনা (ফাইল ফটো)

বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার দেশের ৯৩ শতাংশ বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ২২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে বলে জানান তিনি।

আজ (বুধবার) দুপুরে ভিডিও কনফারেন্সে নতুন সৌর বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে শেখ হাসিনা একথা জানান। প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে সরকারে আসতে না পারলেও অনেকগুলো বিদ্যুৎকেন্দ্র রেখে যাই। বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল। আমরা যেগুলো শুরু করেছিলাম সেগুলো শেষ করলেও জনগণ স্বস্তি পেত। শুধু যেগুলো শেষের দিকে ছিল সেগুলো সম্পন্ন করেই তারা তৃপ্তি পেয়েছে। আওয়ামী লীগ সরকার ২০০১ সালে যে চার হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ রেখে গিয়েছিল সেটা বিএনপি তিন হাজার দুইশ মেগাওয়াটে নামিয়ে এনেছিল বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, আমরা স্বাক্ষরতার হার বাড়িয়ে গিয়েছিলাম। পরে ২০০৮ সালে ক্ষমতায় এসে দেখি কমে গেছে। গ্যাস বিক্রির জন্য আমার উপর চাপ ছিল ২০০১ সালে, আমরা বলেছিলাম আমাদের কত চাহিদা আছে জানি না, সেটা আগে বের করে দেন। ৫০ বছরের রিজার্ভ রেখে তারপর আমরা বিক্রি করব। কিন্তু বিএনপি রাজি হয়ে গিয়েছিল। নেবে যুক্তরাষ্ট, কিনবে ভারত। যেজন্য ক্ষমতায় আসেত পারিনি। আমাদের চাহিদা অনুযায়ী গ্যাস নেই এবং এলএনজি এনে চাহিদা মেটানো হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।

‘পুলিশ যেভাবে জনগণের সেবা করছে, তা সত্যিই প্রশংসনীয়’

এদিকে, গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের  মালকানাধীন ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, "জনবান্ধব পুলিশি ব্যবস্থা গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে। জনগণ পুলিশের কাছ থেকে যেন স্বল্প সময়ের মধ্যে কাঙ্ক্ষিত সেবা পায় তা নিশ্চিত করতে হবে।  এজন্য প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশ গড়ে তোলা হচ্ছে। পুলিশের সেবা তাৎক্ষণিক পেতে জরুরি সেবা ‘৯৯৯’ চালু করা হয়েছে। পুলিশ খুব দক্ষতার সঙ্গে এক্ষেত্রে কাজ করছে।"

প্রধানমন্ত্রী আরও বলেন, "দেশে আন্দোলনের নামে যেভাবে সাধারণ মানুষের ওপর হামলা হয়েছে, সেভাবে পুলিশের ওপরও হামলা হয়। জীবনের ঝুঁকি নিয়ে তারা যেভাবে জনগণের সেবা করছে, তা সত্যিই প্রশংসনীয়। বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে নতুন প্রযুক্তি, প্রশিক্ষণ, জনবল বৃদ্ধিসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে সরকার, যার সুফল ইতোমধ্যে দেশের জনগণ পেতে শুরু করেছে।"

সরকার প্রধান বলেন, "জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদক দমনে বাংলাদেশ পুলিশের দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রশংসিত হয়েছে। পুলিশ এক্ষেত্রে দক্ষতার সঙ্গে ভূমিকা রাখছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ গুরুতপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে এক্ষেত্রে নারী পুলিশ সবচেয়ে বেশি প্রশংসিত হচ্ছে।" 

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সর্বাত্মক সাফল্য কামনা করেন। এ ছাড়াও তিনি পুলিশের জন্য বর্তমান সরকারের দেওয়া সুযোগ-সুবিধাগুলো তুলে ধরেন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন