খালেদা জিয়া সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর চন্দ্র
https://parstoday.ir/bn/news/bangladesh-i74231-খালেদা_জিয়া_সমঝোতা_বা_প্যারোলে_মুক্তি_নেবেন_না_গয়েশ্বর_চন্দ্র
বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়া কোনো ধরনের আপোশ, সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
অক্টোবর ০৫, ২০১৯ ১৬:০৮ Asia/Dhaka
  • খালেদা জিয়া সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না: গয়েশ্বর চন্দ্র

বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, কারাবন্দী বেগম খালেদা জিয়া কোনো ধরনের আপোশ, সমঝোতা বা প্যারোলে মুক্তি নেবেন না।

আজ (শনিবার) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জিয়া শিশু কিশোর মেলা আয়োজিত প্রতিবাদ সভায় তিনি বলেন, রাজনৈতিক দায়িত্ববোধ এবং গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল থেকে বিএনপি খালেদা জিয়ার মুক্তির আন্দোলন করছে। আন্দোলনের মধ্য দিয়েই বেগম খালেদা জিয়ার মুক্তি লাভ করবেন।

তিনি আরও বলেন, প্রতিদিন কত মামলার রায় হয় কিন্তু খালেদা জিয়ার মামলার রায় হয় না। আদালত বিব্রতবোধ করেন। আজ যারা ক্ষমতার অপব্যবহার করছেন তারা অবশ্যই একদিন এর পরিণতি ভোগ করবেন।

গয়েশ্বর রায় আরো বলেন, যে দেশের প্রধানমন্ত্রী দুর্নীতিকে লালন করেন, প্রশ্রয় দেন। সেই দেশে ছোটখাটো দুই-একটা টোকাই ধরে কিছু সময়ের জন্য চমক সৃষ্টি করা যেতে পারে। প্রকৃত অর্থে দুর্নীতির হাত থেকে দেশকে রক্ষা করা যায় না।

তিনি বলেন, আমরা মনে করি এই জনসমর্থনহীন সরকার, ভোটারবিহীন সরকার অর্থনৈতিক সংকট, ব্যাংকিং খাত নিঃস্ব করার মধ্য দিয়ে দেশকে একটি দেউলিয়া রাষ্ট্রে পরিণত করছে। পরিস্থিতি থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য ছোটখাটো খুচরা নাটক করছে।

গয়েশ্বর বলেন, ব্যাংকে গচ্ছিত টাকার হিসাব অনুযায়ী দেশে ৭৬ হাজার কোটিপতি রয়েছে। পাঁচ বছর আগে যা ছিল ১৯ হাজার। আর যে পরিমাণে টাকা বিদেশে পাচার হয়েছে সেই হিসাব করলে দেশে কোটিপতির সংখ্যা কত হবে তার ঠিক নেই। কোটিপতিদের তালিকা প্রকাশ করা হলে দেখা যাবে তারা সবাই আওয়ামী লীগের লোক। কারণ গত দশ বছরে সাধারণ মানুষ নিঃস্ব হয়ে গেছে আর আওয়ামী লীগের  লোকেরা কোটিপতি হয়নি।

মাহবুব উল আলম হানিফ

বিএনপি খালেদা জিয়ার মুক্তি চায় না: হানিফ

এদিকে, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ আজ বলেছেন, বিএনপি নিজেরাই বেগম খালেদা জিয়ার মুক্তি চায় না। তারা খালেদা জিয়াকে জেলে রেখে জনমত গঠনের চেষ্টা করছে। তার মুক্তি নিয়ে রাজনীতি করছে। যেটি তাদের অপরাজনীতিরই অংশ।’

আজ রাজধানীতে বিশ্ব শিক্ষক দিবস-২০১৯ উপলক্ষে স্বাধীনতা শিক্ষক পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহবুব উল আলম হানিফ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি হবে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায়। বিএনপি আন্দোলন করার সাহস করতে পারে না। তারা মানুষকে বিভ্রান্ত করে তাদের সহানুভূতি পেতে চায়।’

এর আগে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে জিয়া পরিষদ আয়োজিত মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আজ ১১টার দিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হওয়ার কথা ছিল। 

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রেস ক্লাবের সামনে উপস্থিত সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ গণবিরোধী সরকার। এ  সরকার জনগণের বাক-স্বাধীনতায় ও গণতন্ত্রে বিশ্বাস করে না। তাই পুলিশ আমাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালন করতে দেয়নি। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’#

 

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।