পর্দার অন্তরালে কিছু হচ্ছে না, সবই ওপেন সিক্রেট: খালেদার মুক্তি প্রসঙ্গে কাদের
https://parstoday.ir/bn/news/bangladesh-i77506-পর্দার_অন্তরালে_কিছু_হচ্ছে_না_সবই_ওপেন_সিক্রেট_খালেদার_মুক্তি_প্রসঙ্গে_কাদের
বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না। সবকিছুই ওপেন সিক্রেট। তবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কী করবে, তা তারাও দ্বিধান্বিত। তারা একবার বলে আন্দোলনে মুক্তি, আবার বলে মানবিক কারণে মুক্তি দিতে। আসলে তারা কী চায়, তা তারাও বোঝে কিনা সন্দেহ।’
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১১:৪৬ Asia/Dhaka
  • ওবায়দুল কাদের
    ওবায়দুল কাদের

বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে পর্দার অন্তরালে কিছু হচ্ছে না। সবকিছুই ওপেন সিক্রেট। তবে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে বিএনপি কী করবে, তা তারাও দ্বিধান্বিত। তারা একবার বলে আন্দোলনে মুক্তি, আবার বলে মানবিক কারণে মুক্তি দিতে। আসলে তারা কী চায়, তা তারাও বোঝে কিনা সন্দেহ।’

আজ (রোববার) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যুতে ডাকা এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার মুক্তির জন্য বিএনপি এখনো প্যারোলের আবেদন করেনি। করলে নিশ্চয়ই নিয়মানুযায়ী ব্যবস্থা নেবে সরকার।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাকে ফোন করে খালেদা জিয়ার মুক্তির বিষয়ে কথা বলেছেন। আমি প্রধানমন্ত্রীকে বিষয়টি জানিয়েছি, অবহিত করেছি। প্রধানমন্ত্রী আমাকে এ বিষয়ে এখনো কিছু বলেননি।

বেগম খালেদা জিয়া

ওবায়দুল কাদের বলেন, বিরোধী দলের মহাসচিব রুলিং পার্টির সেক্রেটারি জেনারেলকে ফোন করা অস্বাভাবিক নয়। এটা রাজনীতির একটা পার্ট। বিষয়টি ইতিবাচক।

বিএনপি বারবার কূটনীতিকদের কাছে ধর্না দিচ্ছেন এমন প্রশ্নে ওবায়দুল কাদের বলেন, 'বিদেশিরা আমাদের বন্ধু, তারা আমাদের আইনের বাইরে কোনো প্রকার চাপ দিতে চাইলে মেনে নেব না। এটি আমাদের অভ্যন্তরীণ ব্যাপার। কোনো বিদেশি দ্বারা সরকারের ওপর কোনো প্রকার চাপের বিষয়ে আমার জানা নেই।'

আসাদুজ্জামান খান কামাল

খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল আদালতের এখতিয়ার

এদিকে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, খালেদা জিয়ার মুক্তি বা প্যারোল সম্পূর্ণ আদালতের এখতিয়ার; এ বিষয়ে সরকারের কিছু করার নেই।

আজ দুপুরে রাজধানীতে সিডনি ইন্টারন্যাশনাল স্কুলের গুলশান শাখার উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার প্যারোল নিয়ে প্রশ্ন করা হলে আসাদুজ্জামান খান কামাল বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখন পর্যন্ত কোন আবেদন আসেনি। বিএনপি কোথায় আবেদন করেছে আমার জানা নেই।

খালেদা জিয়া দুর্নীতি মামলায় আদালতের আদেশে সাজাপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন। উনি কোনো আবেদন করতে চাইলে আদালতের মাধ্যমেই করতে হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/১৬