করোনাভাইরাস
বাংলাদেশের ১৬ কোটি মানুষকে রক্ষাই সরকারের উদ্দেশ্য: পররাষ্ট্রমন্ত্রী
-
ড. এ কে আব্দুল মোমেন
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের ১৬ কোটি মানুষকে রক্ষা করাই সরকারের উদ্দেশ্য। তাই যেসব দেশে করোনাভাইরাস বেশি মাত্রায় দেখা গেছে, সেসব দেশের ফ্লাইট বন্ধ করে দেয়া হয়েছে। ভারতে যাওয়া বন্ধ হয়েছে, আজ থেকে আসাও বন্ধ।
আজ (রোববার) সকালে রাজধানীর ইস্কাটনের বিস অডিটোরিয়ামে এক অনুষ্ঠান শেষে, সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী : একটি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী।
ইতালি ফেরত প্রবাসীদের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, তারা যখন দেশে আসেন তখন নবাবজাদা হয়ে যান। ফাইভ স্টার হোটেল না হলে তাদের অপছন্দ হয়। কিন্তু আমাদের দৈন্যতা আছে। করোনা পরিস্থিতির কারণে দেশে ফিরলে তাদের হজক্যাম্পে রাকা হয়। বেশি সংখ্যক মানুষ এলে আমরা কোথায় রাখব?
আরও পড়ুন: বাংলাদেশে ২৩১৪ জন হোম কোয়ারেন্টাইনে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশনা চেয়ে রিট
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে তিনি বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তো করোনায় আক্রান্ত নয়। স্কুল থাকলে হাত ধুতে হয়, পরিষ্কার থাকতে হয়। আমেরিকা, কানাডা, ইংল্যান্ডে স্কুল বন্ধ হয়নি। যখন আমরা প্রয়োজন মনে করবো, তখন স্কুল বন্ধের সিদ্ধান্ত হবে।‘
আমরা দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
এদিকে, করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হবে কিনা, সে বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় নয়, শিক্ষা মন্ত্রণালয়ই সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ (রোববার) দুপুরে সচিবালয়ে করোনাভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে বৈঠক শেষে, প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বৈঠকে ১৮টি মন্ত্রণালয়ের প্রতিনিধি অংশ নেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা দেশের মানুষকে নিরাপদ রাখতে চাই। তাই গত দুইমাস ধরে পরিশ্রম করছি। সবার সঙ্গে আলোচনা করে, এ বিষয়ে আমাদের পরামর্শ দিয়েছি। আমরা আহ্বান করতে পারি, চাপিয়ে দিতে পারি না।
গতকাল শনিবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নতুন করে আরও দুই বাংলাদেশির শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ দুজন ইতালি ও জার্মানি থেকে এসেছেন।
এর আগে গত ৮ মার্চ তিনজনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। ওই তিনজনের দুইজন ছিলেন ইতালি প্রবাসী, অপরজন ছিলেন তাদের একজনের স্ত্রী। এদের নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে।#
পার্সটুডে/শামসমণ্ডল/আশরাফুর রহমান/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।