সাংবাদিককে জেলে দেয়ার ঘটনায় কুড়িগ্রামের ডিসি প্রত্যাহার
https://parstoday.ir/bn/news/bangladesh-i78300-সাংবাদিককে_জেলে_দেয়ার_ঘটনায়_কুড়িগ্রামের_ডিসি_প্রত্যাহার
বাংলাদেশের কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাংবাদিক আরিফকে জেলে দেয়ার ঘটনা পরিকল্পিত ও এরসঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
মার্চ ১৫, ২০২০ ১৩:০৪ Asia/Dhaka
  • জেলা প্রশাসক সুলতানা পারভীন ও সাংবাদিক আরিফুল ইসলাম
    জেলা প্রশাসক সুলতানা পারভীন ও সাংবাদিক আরিফুল ইসলাম

বাংলাদেশের কুড়িগ্রামের জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও নেয়া হবে। এমনটাই জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। সাংবাদিক আরিফকে জেলে দেয়ার ঘটনা পরিকল্পিত ও এরসঙ্গে জড়িত অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।

আজ (রোববার) দুপুরে সচিবালয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও জানান, স্থানীয় সাংবাদিক আরিফুল ইসলাম বাসা থেকে তুলে এনে রাতে আদালত বসিয়ে জেলে পাঠানোর ঘটনায় প্রাথমিক তদন্ত শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।

তিনি বলেন, এ ঘটনায় শক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সাংবাদিক আরিফকে দায়মুক্ত করতে কাজ করা হচ্ছে। এরই মধ্যে তার জামিন হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের অপব্যবহার রোধে নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

ফরহাদ হোসেন আরও জানান, রংপুর বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে, পরিকল্পিতভাবে জেলা প্রশাসক এ ঘটনা ঘটিয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। এর ভিত্তিতেই ব্যবস্থা নেয়া হচ্ছে। সুলতানা পারভীনের এমন কর্মকাণ্ডে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। আইন উর্ধ্বে গিয়ে তিনি ভুল কাজ করেছেন। এজন্য তাকে শাস্তি পেতেই হবে।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন

এদিকে, সাংবাদিক আরিফকে সাজা দেয়ার ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি শেষে আগামীকালের মধ্যে (সোমবার) রায়ের কপিসহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে রাষ্ট্রপক্ষকে নির্দেশ দেয়া হয়।

আজ (রোববার) দুপুরে বিচারপতি মোঃ আশরাফুল কামাল ও বিচারপতি সরকার মোঃ রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ সোমবার আদেশের দিন ধার্য করেন। আইনজীবী ইশরাত হোসেন এ রিটটি করেন। এতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ১৭জনকে বিবাদী করা হয়েছে।

শুক্রবার মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম জেলা আরিফুল ইসলাম তুলে নিয়ে গিয়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তার বিরুদ্ধে মদ ও গাজা রাখার অভিযোগ থাকার কথা জানায় জেলা প্রশাসন।

এ ঘটনায় সারাদেশে সমালোচনার ঝড় ওঠে। প্রকাশ পায়, সরকারের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির অর্থে জেলা প্রশাসনের একটি পুকুর সংস্কার করে ডিসি সুলতানার নামে নামকরণ হয়। এ নিয়ে সংবাদ প্রকাশের জেরেই তাকে শাস্তি দেয়া হয়।#

পার্সটুডে/শামস মণ্ডল/আশরাফুর রহমান/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।