'করোনা যুদ্ধে' নিয়োজিতরা কেন 'জাতীয় বীর' নন- হাইকোর্টের রুল
https://parstoday.ir/bn/news/bangladesh-i78560-'করোনা_যুদ্ধে'_নিয়োজিতরা_কেন_'জাতীয়_বীর'_নন_হাইকোর্টের_রুল
করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট।
(last modified 2026-04-22T13:03:13+00:00 )
মার্চ ২৫, ২০২০ ১৪:১৭ Asia/Dhaka
  • ফাইল ফটো
    ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসা সেবায় নিয়োজিত ডাক্তারসহ সংশ্লিষ্টদের কেন জাতীয় বীরের মর্যাদা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে বাংলাদেশ হাইকোর্ট।

আজ (বুধবার) বিচারপতি মো.আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

এ সময় করনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা আসবে তা পালন করা এবং আস্থা রাখার পরামর্শ দিয়েছে আদালত। 

ক্রিকেটারদের পক্ষ থেকে সহায়তা দান

করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় এবার এগিয়ে এলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। সবমিলিয়ে মোট ২৭ জন খেলোয়াড়, তাদের একমাসের বেতনের অর্ধেক টাকা দান করছেন। দানকৃত এ অঙ্কের পরিমাণ প্রায় ৩১ লাখ টাকা।

ফাইল ফটো

ওয়ার্কার্স পার্টির উদ্বেগ

এদিকে, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি করোনা পরিস্থিতি সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করে রিকশাওয়ালা ও শ্রমজীবী মানুষের বিশেষ করে বস্তি এলাকার মানুষের জন্য কমপক্ষে ১৫ দিনের খাবার ব্যবস্থা করার দাবী জনিয়েছে। যাতে এই দুঃসময়ে কর্মহীন অবস্থায় তারা নিরাপদে ঘরে থাকতে পারেন। একই সাথে এই দুর্যোগের সময় ক্ষুদ্র ঋণের বিনিময় কিস্তি আদায় থেকে বিরত থাকার জন্য এনজিওগুলোর প্রতি নির্দেশ দেয়ার আহ্বান জানিয়েছে দলটি।

দলের ঢাকা মহানগর ইউনিটের পক্ষ থেকে এক বিবৃতিতে জানা্নো হয়েছে,  ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় করোনার প্রকোপ দেখা দিয়েছে। এখনই সতর্কতা ও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে করোনা সিটি করপোরেশন এলাকায়ও ছড়িয়ে পড়তে পারে।

বাদশার হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

ওদিকে, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি আজ রাজশাহীতে সাধারণ মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছেন।

করোনা পরিস্থিতিতে মানুষকে জীবাণু থেকে সুরক্ষা দিতে আজ বেলা ১১টার দিকে নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট এলাকায় তিনি এই স্যানিটাইজার বিতরণ করেন।

এসময় ‍তিনি কয়েকজন অটোরিকশাচালক এবং ছোট ছোট ব্যবসায়ীকে স্যানিটাইজার ব্যবহার পদ্ধতিও দেখিয়ে দেন।#

পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।