করোনা: বাংলাদেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ৩৯, আক্রান্ত ২৪০১, সুস্থ ৩৬২৪
বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনা আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাসায় চিকিৎসাধীন রোগীদের সুস্থতার হার ক্রমেই বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ হাজার ৬২৪ জন।
অপরদিকে, ২৪ ঘণ্টায় নতুন করে করোনাক্রান্ত বলে শনাক্ত হয়েছেন ২ হাজার ৪০১ জন রোগী। এছাড়া করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩৯ জন মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৮৬১ জনে।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো জানানো হয়, ৯১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১২ হাজার ৯৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ যাবত দেশে ১৪ লাখ ২০ হাজার ৪৯৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫৯ দশমিক ৪৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৩ শতাংশ।
এদিক, বাংলাদেশেই করোনার প্রতিষেধক তৈরি হবে বলে আশা প্রকাশ করেছেন ঔষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।
গতকাল (২০ আগস্ট) দুপুরে ময়মনসিংহের ভালুকায় একটি ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক বলেছেন, দেশে-বিদেশে করোনার ভেকসিন নিয়ে পরীক্ষা চলছে। তিন স্তরের পরীক্ষায় যেটা কার্যকর বলে প্রমানিত হবে সেটি যত দ্রুত সম্ভব বাংলাদেশে নিয়ে আসার ব্যবস্থা করা হবে। এবং আমাদের সেই চেষ্টা অব্যাহত রয়েছে।
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের (সিজিএস) একটি পর্যবেক্ষণ প্রতিবেদনে জানানো হয়েছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে দেশে এখন পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে ২১১০ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেনটিতে বলা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে মৃতদের মধ্যে ৭০৪ জন চট্টগ্রাম বিভাগের, ৩৯১ জন ঢাকা বিভাগের, ৩০৬ জন খুলনা বিভাগের, ২১৬ জন রাজশাহী বিভাগের, ২৪১ জন বরিশাল বিভাগের, ১০০ জন সিলেট বিভাগের, ৯২ জন রংপুর বিভাগের এবং ৬০ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।