গণস্বাস্থ্য কেন্দ্রের পিসিআর ল্যাব এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধের নির্দেশ
https://parstoday.ir/bn/news/bangladesh-i82699-গণস্বাস্থ্য_কেন্দ্রের_পিসিআর_ল্যাব_এবং_ব্লাড_ট্রান্সফিউশন_ও_প্লাজমা_সেন্টার_বন্ধের_নির্দেশ
করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
আগস্ট ৩১, ২০২০ ১৬:৪০ Asia/Dhaka
  • ২৯ আগস্ট আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করে গণস্বাস্থ্য কেন্দ্র
    ২৯ আগস্ট আরটি-পিসিআর ল্যাব উদ্বোধন করে গণস্বাস্থ্য কেন্দ্র

করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের আরটি-পিসিআর ল্যাব এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের অনুমোদন নেই জানিয়ে তা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৩১ আগস্ট) অধিদফতরের পরিচালক ফোন দিয়ে তা বন্ধের নির্দেশ দেন বলে জানিয়েছে গণস্বাস্থ্য। এ বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্র আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ দুপুর ১টার দিকে পরিচালক, হাসপাতাল, স্বাস্থ্য অধিদফতর (০১৭১২৫০৯০০১) ফোন করে গণস্বাস্থ্য নগর হাসপাতালের পরিচালককে এ নির্দশনা দেন। 

স্বাস্থ্য অধিদপ্তরের এ কর্মকর্তা বলেছেন, “আপনাদের অনুমোদন নেই এবং আরটিপিসিআর পরীক্ষা, ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টার বন্ধ করবেন। তিনি সতর্ক কর দিয়ে বলেছেন, গণস্বাস্থ্য কেন্দ্র এ কর্মসূচি চালু রাখলে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।

জাফরুল্লাহ চৌধুরী

স্বাস্থ্য অধিদপ্তর আরো জানিয়েছে, গণস্বাস্থ্য কেন্দ্রকে আরপিটিসিআর ফর কোভিড-১৯ এবং ব্লাড ট্রান্সফিউশন ও প্লাজমা সেন্টারের জন্য আলাদা অনুমতি চেয়ে অধিদপ্তরে আবেদন করতে হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের এ বক্তব্যের জবাবে চিঠিতে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল পরিচালকের বক্তব্য জনস্বার্থবিরোধী ও অবিবেচনাপ্রসূত। ওনার বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী। স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন ব্যবস্থাপনা বিষয়ক দুর্বলতা ইতিপূর্বে আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি।’ তিনি আরও বলেন, গত ১২ আগস্ট জিআর কোভিড ১৯ আরটিপিসিআর পরীক্ষা এবং প্লাজমা সেন্টার কার্যক্রম চালু করার জন্য ই-মেইলে স্বাস্থ্য অধিদপ্তরকে চিঠি দেওয়া হয়। কিন্তু কোনো সাড়া না পেয়ে, ৩১ আগস্ট আবারও চিঠি দেন তাঁরা।

চিঠিতে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আপনি আশা করি অবগত আছেন যে, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের “বাংলাদেশ ফিল্ড হাসপাতাল” কে স্বাধীনতা উত্তর কালে গণস্বাস্থ্য ও পুনর্বাসন কেন্দ্র নামকরণ করেন এবং ১৯৭৪ সনে সরাসরি নির্দেশ জারি করে উক্ত প্রতিষ্ঠান স্থাপনের জন্য প্রায় ৩১ একর জমি হুকুম দখল করিয়ে দিয়েছিলেন।’ তিনি গণস্বাস্থ্যের নানা কার্যক্রমের কথা চিঠিতে উল্লেখ করেন।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/এমবিএ/এআর/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।