সাংবাদিক রোজিনা কারাগারে, স্বাস্থ্যমন্ত্রী ও সচিবের পদত্যাগ দাবি ফখরুলের
-
আদালত প্রাঙ্গনে সাংবাদিক রোজিনা ইসলাম
বাংলাদেশের দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
আজ (মঙ্গলবার) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিমের আদালত শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে নিয়ে যাওয়ার আগে সাংবাদিক রোজিনা ইসলাম পুলিশি নিরাপত্তার মধ্যে সাংবাদিকদের বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’ একথা বলার সঙ্গে সঙ্গেই রোজিনা ইসলামকে সরিয়ে নিয়ে যায় পুলিশ।
আজ বেলা ১১টার একটু পরে সিএমএম আদালতে তোলা হয়ে রোজিনাকে। এর আগে তাকে শাহবাগ থানা থেকে আদালতে নেওয়া হয়। সকাল ৮টার দিকে রোজিনা আদালতে পৌঁছান। সে সময় তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।
এদিকে, রোজিনা ইসলামকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে পুলিশের কাছে হস্তান্তর ও তার বিরুদ্ধে মামলা করার ঘটনায় নিন্দা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ (মঙ্গলবার) সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এমন দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, "করোনাকালীন সরকারের দুর্নীতি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি জনগণের সামনে তুলে ধরা ছিল রোজিনা ইসলামের অপরাধ। এ কারণে আজ তার এই অবস্থা। আমরা কখনো ভাবতে পারিনি একজন সংবাদকর্মীর সঙ্গে এ ধরনের ন্যক্কারজনক কাজ হবে সচিবালয়ের কার্যালয়ে। আজ শুধু রোজিনা নয়, তার মতো অনেক সাংবাদিক সত্য লিখতে ভয় পায়। এ সকল কর্মকাণ্ডের জন্য ধিক্কার জানাই এই সরকারকে। অবিলম্বে রোজিনা ইসলামের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে তার মুক্তির দাবি জানাচ্ছি।"
রোজিনার জামিন না হওয়া পর্যন্ত স্বাস্থ্যের সব ব্রিফিং বয়কট ঘোষণা
স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়ের করা মামলায় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের জামিন না হওয়া পর্যন্ত ওই মন্ত্রণালয়ের সব ধরনের ব্রিফিং বয়কটের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)। আজ জরুরি এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে সচিবালয় বিটের সাংবাদিকদের এই সংগঠনটি।
প্রায় এক ঘণ্টার বৈঠকে সদস্যদের মতামত নেওয়ার পর সংগঠনের সভাপতি তপন বিশ্বাস এ ঘোষণা দেন। কর্মসূচির ঘোষণা দিয়ে তিনি বলেন, রোজিনা ইসলামের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে। রোজিনা ইসলামকে হেনস্থার সঙ্গে জড়িত স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শাস্তির দাবিও জানিয়েছে বিএসআরএফ।
গতকাল পেশাগত দায়িত্ব পালনের জন্য সাংবাদিক রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সেখানে ৫ ঘণ্টার বেশি সময় তাকে আটকে রেখে হেনস্তা করা হয় বলে অভিযোগ উঠেছে। রাত ৯টার দিকে তাকে সচিবালয় থেকে শাহবাগ থানায় আনা হয়। পরে সরকারি নথিপত্র চুরির অভিযোগে শাহবাগ থানায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সোমবার দুপুরে সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে যান রোজিনা ইসলাম। এ সময় তিনি মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিবের কক্ষে গিয়ে গুরুত্বপূর্ণ নথিপত্র নেন এবং মোবাইল ফোনে ছবি তোলেন। পরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাঁর শরীর তল্লাশি করে সেইসব নথিপত্র উদ্ধার করেন।#
পার্সটুডে/আশরাফুর রহমান/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।