বাংলাদেশ ক্রিকেট দলের নতুন স্পিন বোলিং কোচ হেরাথ, ব্যাটিং কোচ প্রিন্স
https://parstoday.ir/bn/news/bangladesh-i93794-বাংলাদেশ_ক্রিকেট_দলের_নতুন_স্পিন_বোলিং_কোচ_হেরাথ_ব্যাটিং_কোচ_প্রিন্স
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচ হচ্ছেন দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। 
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ২৬, ২০২১ ১৪:১৭ Asia/Dhaka
  • রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স
    রঙ্গনা হেরাথ ও অ্যাশওয়েল প্রিন্স

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিন বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কান সাবেক তারকা স্পিনার রঙ্গনা হেরাথ। আর ব্যাটিং কোচ হচ্ছেন দেবেন দক্ষিণ আফ্রিকার অ্যাশওয়েল প্রিন্স। আজ (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশে ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অ্যাশওয়েল প্রিন্স জিম্বাবুয়ে সিরিজ ২০২১ পর্যন্ত বিসিবির সঙ্গে কাজ করবেন বলে চুক্তি করেছেন।

সাবেক প্রোটিয়া ব্যাটার অ্যাশওয়েল প্রিন্সকে নিয়োগ দেওয়া হয়েছে সাবেক ব্যাটিং কোচ জন লুইসের জায়গায়। ইংলিশ জন লুইসের আগে এই দায়িত্বে ছিলেন আরেক প্রোটিয়া নেইল ম্যাকেঞ্জি। এবার ম্যাকেঞ্জি ও লুইসের পর টাইগার ব্যাটারদের দেখভালের দায়িত্ব পেলেন প্রিন্স।

জিম্বাবুয়ে সফর থেকেই দলের সঙ্গে যোগ দেবেন হেরাথ। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের সঙ্গে থাকবেন তিনি।

সাদা পোশাকে লঙ্কানদের হয়ে ৯৩ ম্যাচ খেলে ৪৩৩ উইকেট নিয়েছেন হেরাথ। ৭১ ওয়ানডেতে ৭৪ ও ১৭ টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮ উইকেট নিয়েছেন তিনি। প্রায় দুই দশকের ক্যারিয়ার শেষে স্বীকৃত লেভেল-৩ কোচিং সার্টিফিকেটও নিয়েছেন এই লঙ্কান কিংবদন্তি।

অন্যদিকে ব্যাটিং কোচ প্রিন্স ৬৬ টেস্টে সমান ১১ ফিফটি ও সেঞ্চুরিতে করেছেন ৩৬৬৫ রান। ৫২ ওয়ানডেতে কোনো সেঞ্চুরি ছাড়াই ১০১৮ রান করেছেন তিনি। ক্যারিয়ারে একটি মাত্র টি-টোয়েন্টি খেলে ৫ রান করেছেন প্রিন্স। লেভেল-৩ কোচিং সার্টিফিকেট আছে প্রিন্সেরও। কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা এ দলের ব্যাটিং কোচ হিসেবে।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।