বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি: বিভিন্ন মহলের মিশ্র প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/bangladesh-i99664-বাংলাদেশে_জ্বালানি_তেলের_দাম_বৃদ্ধি_বিভিন্ন_মহলের_মিশ্র_প্রতিক্রিয়া
জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে গণপরিবহন ও পণ্যপরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
(last modified 2026-03-14T14:53:49+00:00 )
নভেম্বর ০৬, ২০২১ ২০:০৩ Asia/Dhaka

জ্বালানি তেলের বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে গণপরিবহন ও পণ্যপরিবহনের পর এবার অভ্যন্তরীণ নৌপথেও লঞ্চ না চালানোর ঘোষণা দিয়েছেন লঞ্চ মালিকরা। শনিবার (৬ নভেম্বর) লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম ভূঁইয়া সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠক কোনো সুরাহা না হওয়ায় চলমান পরিবহন ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ কাভার্ড ভ্যান ট্রাক পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন। আজ (৬ নভেম্বর), দুপুর ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির সরকারি বাসভবনে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠক শেষে অ্যাসোনিয়েশনের অতিরিক্ত মহাসচিব আবদুল মোতালেব গণমাধ্যমকে জানান, তেলের দাম প্রত্যাহারের দাবিতে তাদের পক্ষ থেকে যে পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে তা অব্যাহত থাকবে। উল্লেখ্য, জ্বালানি তেল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার ভোর ৬টা থেকে সকল ধরনের পণ্য পরিবহন ও গণপরিবহন বন্ধ রয়েছে। এ কারণে সারাদেশে ব্যাপক ভোগান্তিতে পড়েছে মানুষ।

জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে: জ্বালানী প্রতিমন্ত্রী

তবে , বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন,  জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি, সমন্বয় করা হয়েছে। ভারতসহ সারা বিশ্বে দাম বৃদ্ধি এবং পাচার ঠেকাতেই সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (৬ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভার্চুয়ালি এক মতবিনিময় সভায় এ সব কথা বলেন প্রতিমন্ত্রী । নসরুল হামিদ বলেন, আমরা জ্বালানি তেলের দাম বিশ্ববাজারের সাথে মিলিয়ে সমন্বয় করেছি। বিশ্ববাজারে দাম কমলে আমরাও আবার দাম কমিয়ে দেব। তিনি আরো বলেন, জ্বালানি তেলের দাম যে হারে সমন্বয় করা হয়েছে, তাতে গণপরিবহনে ১০ কিলোমিটারে যাত্রী প্রতি ভাড়া ৯৩ পয়সার বেশি বাড়ার কথা না। ভাড়া বাড়ানোর নামে যাত্রীদের এভাবে জিম্মি করা উচিত হচ্ছে না।

ভাড়া যেন সহনীয় হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে : ওবায়দুল কাদের

ওদিকে, জ্বালানির মূল্য বৃদ্ধির পর পরিবহন মালিকদের দাবিতে ভাড়া বাড়লেও তা যেন জনগণের জন্য ‘সহনীয়’ হয়, সরকার সেদিকে দৃষ্টি রাখবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের। আজ তার সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ জানান,  লন্ডনে অবস্থানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জ্বালানি তেলের দাম বৃদ্ধিজনিত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি এবং প্রতিবেশী দেশে জ্বালানি পাচার রোধে সরকার অনিচ্ছা স্বত্বেও ডিজেল ও কেরোসিনের মূল্য পুনঃনির্ধারণ করেছে। তবে এক্ষেত্রে শেখ হাসিনা সরকার সবসময়ই জনস্বার্থের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে। রোববারের অনুষ্ঠীতব্য এ সংক্রান্ত বৈঠকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, বৈঠকে সকলের সঙ্গে আলাপ-আলোচনা করে জনগণের উপর বাড়তি চাপ যেন সহনীয় পর্যায়ে থাকে, সে ব্যাপারে ইতিবাচক উদ্যোগ ও প্রয়াস অব্যাহত থাকবে। পরীক্ষার্থী, চাকরিপ্রার্থী ও পণ্যপরিবহনসহ জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য পরিবহন মালিক-শ্রমিক নেতাদের আবারও অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ডিজেলের দাম বৃদ্ধির কারণে পণ্যমূল্য যেন না বাড়ে, সে বিষয়েও সংশ্লিষ্টদের হুঁশিয়ার করেন তিনি। মূল্য সমন্বয়ের এই অজুহাতে কেউ যেন অন্যায়ভাবে দ্রব্যমূল্য ও পরিবহন ভাড়া বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট সংস্থাসহ সকলকে সতর্ক থাকতে হবে।।#

পার্সটুডে/আব্দুর রহমান খান/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।