হুদায়দা বন্দরে ইসরাইলি আগ্রাসনের জবাবে ইয়েমেনের ঘোষণা
'ইসরাইলের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইয়েমেন'
-
ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি
ইয়েমেনের সশস্ত্র বাহিনী বলেছে তারা ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িত হতে প্রস্তুত এবং ফিলিস্তিনের সমর্থনে ইসরাইলি অবস্থানে বা স্বার্থের ওপর তাদের হামলা অব্যাহত থাকবে। হুদাইদা বন্দরের ওপর ইসরাইলি বিমান হামলার পর এই হুঁশিয়ারি দিল ইয়েমেন।
ওই বন্দরের কয়েকটি ভবন, তেল-স্থাপনা ও একটি বিদ্যুৎকেন্দ্র ইসরাইলি আগ্রাসনের শিকার হয়েছে এবং এতে বহু সংখ্যক ইয়েমেনি হতাহত হয়েছেন।
ইয়েমেন ফিলিস্তিনের গাজায় নারী ও শিশুসহ বেসামরিক ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি গণহত্যা অভিযানের জবাবে সাগর-পথে ইসরাইল সম্পর্কিত জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে এবং ইসরাইলের কোনো কোনো অবস্থানে বিমান হামলা চালিয়ে আসছে। সম্প্রতি ইয়েমেনের একটি ড্রোন তেল-আবিবে আঘাত হানলে দখলদার ইসরাইলের প্রায় এক ডজন ব্যক্তি হতাহত হয়।
ইঙ্গ-মার্কিন শক্তি ইয়েমেনের নানা অবস্থানে ব্যাপক হামলা চালানোর পরও ইয়েমেনের হামলা বন্ধ হয়নি বরং জোরদার হয়েছে। তেল-আবিবে ইয়েমেনের সাম্প্রতিক ড্রোন হামলাই এর দৃষ্টান্ত।
শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ইসরাইলের এফ-৩৫ জঙ্গি-বিমান হুদাইদা বন্দর এলাকায় বেসামরিক অবস্থানগুলোর ওপর ব্যাপক বোমা বর্ষণ করে। আর এতে একটি ইয়েমেনি তেল-শোধনাগারে আগুন ধরে যায়। এর কয়েক ঘণ্টা পর ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরাইলের সঙ্গে দীর্ঘস্থায়ী যুদ্ধ করতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। তিনি বেসামরিক অবস্থানে ইসরাইলি হামলাকে ''জঘন্য আগ্রাসন" বলে মন্তব্য করেছেন। গাজায় 'আমাদের ভাইদের সমর্থনে' ইসরাইল বিরোধী ইয়েমেনি হামলা অব্যাহত থাকবে বলে সারি ঘোষণা করেন। #
পার্সটুডে/এমএএইচ/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।