ট্রাম্পের গাজা উপত্যকা ‘সাফ’ করার পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান
https://parstoday.ir/bn/news/event-i146372-ট্রাম্পের_গাজা_উপত্যকা_সাফ’_করার_পরিকল্পনা_হামাসের_প্রত্যাখ্যান
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকা ‘সাফ’ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ।
(last modified 2026-03-08T13:29:51+00:00 )
জানুয়ারি ২৭, ২০২৫ ১১:০৪ Asia/Dhaka
  • ট্রাম্পের গাজা উপত্যকা ‘সাফ’ করার পরিকল্পনা হামাসের প্রত্যাখ্যান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলি ভয়াবহ গণহত্যার শিকার গাজা উপত্যকা ‘সাফ’ করার ব্যাপারে যে বক্তব্য দিয়েছেন তার নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসলামি জিহাদ।

ট্রাম্প শনিবার মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত বিশেষ বিমান এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দাবি করেন, গাজা সম্পূর্ণ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে এবং এটি পরিষ্কার করার জন্য সেখানকার অধিবাসীদের সরিয়ে দেয়া উচিত।  তিনি গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশ মিশর ও জর্দানে স্থানান্তর করার প্রস্তাব দেন।  

যে গাজাবাসী গত ১৫ মাসের বেশি সময় ধরে ইসরাইলের নারকীয় হত্যাযজ্ঞের শিকার হওয়া সত্ত্বেও তাদের ভূমি ত্যাগ করতে রাজি হয়নি এখন সেই গাজাবাসীকে তাদের উপত্যকা পরিষ্কার করার অজুহাতে গাজা থেকে বিতাড়ন করতে চান ট্রাম্প যা ফিলিস্তিনি জনগণ ভালোভাবে নেয়নি।

গাজার ফিলিস্তিনি সাধারণ জনগণ ও নেতৃবৃন্দ ট্রাম্পের এ বিভ্রান্তিকর আহ্বানের নিন্দা জানিয়ে বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট বক্তব্য ‘নাকবা’ নামক ফিলিস্তিনের আধুনিক ইতিহাসের কালো অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দেয় যখন ইসরাইল নামক অবৈধ রাষ্ট্র সৃষ্টি করার লক্ষ্যে কয়েক মিলিয়ন ফিলিস্তিনিকে জোরপূর্বক তাদের পিতৃপুরুষের ভিটেমাটি থেকে উচ্ছেদ করা হয়েছিল।

হামাসের পলিটব্যুরো সদস্য বাসেম নাঈম বলেছেন, ফিলিস্তিনিরা গত কয়েক দশক ধরে যেভাবে তাদের জন্য কথিত বিকল্প ভূমিতে যেতে অস্বীকৃতি জানিয়ে এসেছে তেমনি তাদেরকে বলপূর্বক গাজা ত্যাগ করতে বাধ্য করার চেষ্টা করা হলেও তারা তা প্রতিহত করবে।

তিনি আরো স্পষ্ট করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যতই বলুন এবং গাজা পুনঃনির্মাণ সংক্রান্ত তার বক্তব্যে যত সদিচ্ছাই থাকুক না কেন গাজা উপত্যকা ত্যাগ করার কোনো প্রস্তাব আমরা গ্রহণ করব না। তিনি ইসরাইল সরকারের সম্প্রসারণকামী নীতির আলোকে কোনো প্রস্তাব উত্থাপন করা থেকে বিরত থাকতে ওয়শিংটনের প্রতি আহ্বান জানান।

এদিকে ইসলামি জিহাদ এক বিবৃতিতে গাজাবাসীকে সরিয়ে নেয়ার মার্কিন প্রেসিডেন্টের পরিকল্পনাকে ‘ভয়ঙ্কর’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের পরিকল্পনার ফলে গাজাবাসীর ওপর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাতে ইহুদিবাদী ইসরাইল দ্বিগুণ উৎসাহিত হবে।

গাজার অপর তিন প্রতিরোধ সংগঠন মুজাহিদিন আন্দোলন, পপ্যুলার ফ্রন্ট ফর লিবারেশন অব প্যালেস্টাইন এবং পপ্যুলার প্রতিরোধ কমিটিও ট্রাম্পের বক্তব্য ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। #

 পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।