ভোট দিয়ে প্রধান উপদেষ্টা বললেন ‘ঈদ মোবারক’
https://parstoday.ir/bn/news/event-i156942-ভোট_দিয়ে_প্রধান_উপদেষ্টা_বললেন_ঈদ_মোবারক’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। ভোট দিয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
(last modified 2026-02-12T11:06:02+00:00 )
ফেব্রুয়ারি ১২, ২০২৬ ১৩:০৫ Asia/Dhaka
  • ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিব্যক্তি। পাশে তাঁর মেয়ে দিনা ইউনূস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
    ভোট দেওয়ার পর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অভিব্যক্তি। পাশে তাঁর মেয়ে দিনা ইউনূস। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬–এর ভোট গ্রহণ আজ বৃহস্পতিবার চলছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে এই ভোট গ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। মুহাম্মদ ইউনূস সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে তাঁর ভোটাধিকার প্রয়োগ করেন। এর আগে সকাল ১০টা ২০ মিনিটে তিনি ভোটকেন্দ্রে পৌঁছান। ভোট দিয়ে মুহাম্মদ ইউনূস সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজকে নতুন বাংলাদেশের জন্মদিন। সারা দিন এই জন্মদিন উৎসব পালন করব। এটার মাধ্যমে যে প্রক্রিয়া এখান থেকে শুরু হলো, এর মাধ্যমে আমরা অতীতকে বর্জন করলাম। যেসব দুঃস্বপ্নময় অতীত ছিল, সেগুলো সম্পূর্ণরূপে বর্জন করলাম। আজকে থেকে আমরা প্রতিটি পদে নতুন বাংলাদেশ সৃষ্টি করার সুযোগ পেলাম।’

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। আজ বৃহস্পতিবার সকালে

মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে জন্মদিন পালন করি আমরা সারা দিন। সবাই মিলে উৎসব করি এবং এটা আরও নিশ্চিত হবে গণভোটটা দিয়ে। প্রার্থীর জন্য আমরা ভোট দিলাম, সেটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু গণভোটটাও খুবই গুরুত্বপূর্ণ। সারা বাংলাদেশ পাল্টে যাবে। সবাইকে আহ্বান জানাচ্ছি গণভোটে অংশ নেওয়ার জন্য, যাতে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি।’ প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন

আজ এই ভোট দেওয়ার অনুভূতি জানাতে গিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘খুব ভালো লাগল। আমার জীবনের মহা আনন্দের দিন এবং বাংলাদেশের সবার জন্য মহা আনন্দের দিন। মুক্তির দিন। আমাদের দুঃস্বপ্নের অবসান, নতুন স্বপ্নের শুরু। সেটাই হলো আজকেই এই প্রক্রিয়া। সবাইকে মোবারকবাদ জানাচ্ছি।’ এ সময় পাশে থেকে একজন বলেন, ‘ঈদ মোবারক।’ তখন প্রধান উপদেষ্টাও বলেন, ‘ঈদ মোবারক।’

২০২৪ সালের জুলাই–আগস্টের গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে আজ ভোট দিচ্ছেন দেশের মানুষ। একই সঙ্গে গণভোটের মাধ্যমে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ’-‘না’ ভোট (গণভোট) দিয়ে মত জানাচ্ছেন ভোটাররা।

একজন প্রার্থীর মৃত্যুর কারণে এবার শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছে। ২৯৯টি আসনে এবারের নির্বাচনে ইসিতে নিবন্ধিত ৬০টি রাজনৈতিক দলের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ৫০টি দল অংশ নিচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি। ফলে দলটি এবারের নির্বাচনে অংশ নিতে পারছে না।

এবারের নির্বাচনে মোট ভোটার ১২ কোটি ৭৭ লাখের বেশি। এর মধ্যে ১৮ থেকে ৩৭ বছর বয়সী ভোটার আছেন ৫ কোটির বেশি। অন্যদিকে মোট ভোটারের প্রায় অর্ধেক নারী। ফলাফল নির্ধারণে তরুণ ও নারী ভোটাররা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকেরা।#