সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রীর স্বীকারোক্তি:
'ইরান-যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অচলাবস্থার শিকার, কৌশলগত পরাজয়ও ঘটতে পারে'
-
ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক
পার্সটুডে: ইহুদিবাদী ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক ইরানের বিরুদ্ধে আগ্রাসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অচলাবস্থার শিকার হয়েছে বলে স্বীকার করেছেন এবং এই যুদ্ধ চলতে থাকলে তেলআবিব 'কৌশলগত পরাজয়ের পর্যায়ে' উপনীত হতে পারে বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।
এহুদ বারাক ইসরায়েলের চ্যানেল-১৩ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এইসব মন্তব্য করার পর ইসরায়েলি সংবাদ মাধ্যম ও গণমাধ্যমে এবং তেলআবিবে ক্ষোভ ও চাঞ্চল্যের ঝড় উঠেছে।
এহুদ বারাক যুদ্ধের ময়দানের বাস্তবতা বা পরিস্থিতি তুলে ধরতে গিয়ে বলেছেন, ইসরায়েল এমন এক পরিবর্তিত পথে প্রবেশ করেছে যে তা তেলআবিব এবং ওয়াশিংটনের জন্য কৌশলগত পরাজয় বয়ে আনতে পারে।
ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী হরমুজ প্রণালি প্রসঙ্গে নেতানিয়াহুকে উদ্দেশ করে বলেছেন, এই প্রণালি পুনরায় খোলা অসম্ভব, এত বেশি মিথ্যা আমাদের বলবেন না, আমরা হরমুজ প্রণালি যেমন খুলতে পারব না, তেমনি ইরানের পরমাণু ও ক্ষেপণাস্ত্র ক্ষমতাকেও ধ্বংস করতে পারব না।
গত ৫০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যর্থতাগুলোর কথা তুলে ধরে এহুদ বারাক বলেছেন, আমরা পরিবর্তিত অবস্থার পরিবেশে প্রবেশ করেছি, এই পর্যায় থেকে কিভাবে বের হতে হবে তা যদি জানতে না পারি তাহলে আগের চেয়েও খারাপ অবস্থায় আলোচনার পর্বে প্রবেশ করতে হবে কিংবা পরাজয়েরও শিকার হতে হবে।
বারাক আরও বলেছেন, আক্রমণ ও প্রতিরক্ষার ইরানি কৌশলকে ইসরায়েলি পর্যালোচনা ও মূল্যায়নে পদ্ধতিগতভাবে উপেক্ষা করা হয়েছে, আর এ উদাসীনতার বিষয়টি তেলআবিবের জন্য ভয়াবহ সব পরিণতি বয়ে আনতে পারে।
বারাকের এই সাক্ষাৎকারের নিন্দা জানিয়েছে কোনো কোনো ইসরায়েলি গণমাধ্যম। কোনো কোনো ইসরায়েলি বিশ্লেষক বলেছেন, বারাকের এইসব মন্তব্য ইসরায়েলের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সম্পর্কে বিশ্বে নেতিবাচক বার্তা পাঠাচ্ছে।
এই সাক্ষাৎকার সামাজিক মাধ্যমগুলোতে আরবি ও ইংরেজি ভাষায় ব্যাপকভাবে প্রচার হয়েছে এবং এর ফলে দখলদার ইহুদিবাদীরা ব্যাপক ক্ষোভ প্রকাশ করছে।
এদিকে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ও আগ্রাসন অব্যাহত রাখায় নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতি দিন ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছে ইসরায়েলিরা, তারা বলছে, ইরানের বিরুদ্ধে দ্রুত বিজয় অর্জন সম্পর্কে নেতানিয়াহুর প্রতিশ্রুতি ছিল অন্তঃসারশূন্য এবং এমনকি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলোও ইসরায়েলিদের নিরাপত্তা দিতে পারছে না। #
পার্সটুডে/এমএএইচ/২৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।