বিদেশীদের ছাড়াই আঞ্চলিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ইরানের নতুন সর্বোচ্চ নেতার কৌশল
https://parstoday.ir/bn/news/event-i159648-বিদেশীদের_ছাড়াই_আঞ্চলিক_ভবিষ্যৎ_নিশ্চিত_করতে_ইরানের_নতুন_সর্বোচ্চ_নেতার_কৌশল
পার্সটুডে: ইরানের এক সিনিয়ম সামরিক কমান্ডার বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রণীত কৌশলের ভিত্তিতে এ অঞ্চলের ভবিষ্যতে বহিরাগতদের কোনও স্থান থাকবে না।
(last modified 2026-05-24T15:10:23+00:00 )
মে ২৪, ২০২৬ ২০:৫০ Asia/Dhaka
  • ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি
    ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি

পার্সটুডে: ইরানের এক সিনিয়ম সামরিক কমান্ডার বলেছেন, ইরানের ইসলামী বিপ্লবের বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ীর প্রণীত কৌশলের ভিত্তিতে এ অঞ্চলের ভবিষ্যতে বহিরাগতদের কোনও স্থান থাকবে না।

রবিবার ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক মার্কিন-ইসরায়েলি আরোপিত আগ্রাসী যুদ্ধের শহীদদের স্মরণে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে দেওয়া বার্তায় ইরানের খাতামুল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আবদোল্লাহি এ মন্তব্য করেন।

আবদোল্লাহি বলেছেন, “আমরা শত্রুদের সতর্ক করছি যে, ‘পারস্য উপসাগর ও হরমুজ প্রণালি পরিচালনা’ নিয়ে সর্বোচ্চ নেতার পরিকল্পনা ও কৌশল ‘শক্তিশালী ইরান’ নীতির কাঠামোর আওতায় এ অঞ্চলের ভবিষ্যৎ সৌভাগ্য এবং একটি নতুন আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা নিশ্চিত করবে, যেখানে বিদেশিদের কোনও স্থান থাকবে না।”

তিনি আরও বলেছেন, আধুনিক মানব ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল সময়ে ইরানি জাতির মর্যাদা ও মহত্ত্ব এবং মার্কিন-ইসরায়েলি শত্রুদের মোকাবেলায় তাদের প্রতিরোধ “ইতিহাসের অন্যতম বিস্ময়কর ঘটনা” হিসেবে চিহ্নিত হয়েছে এবং এটি ইরান-কেন্দ্রিক বৈশ্বিক শক্তির নতুন বিন্যাসের ভিত্তি তৈরি করেছে।

তিনি জোর দিয়ে বলেন, শত্রুর বিরুদ্ধে তৃতীয় পবিত্র প্রতিরক্ষার পর ইরানের আরও বেশি সতর্কতা ও গোয়েন্দা সক্ষমতা প্রয়োজন।

তিনি উল্লেখ করেন, ইরানি জাতি তাদের পূর্ণ অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে অবিচল থাকবে এবং সবাইকে শহীদদের উজ্জ্বল পথ অনুসরণ ও আয়াতুল্লাহ খামেনেয়ীর নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।

জেনারেল আবদোল্লাহি মার্কিন-ইসরায়েলি শত্রুর বিরুদ্ধে প্রতিরোধ, দৃঢ়তা, সতর্কতা ও গোয়েন্দা সক্ষমতা অব্যাহত রাখার গুরুত্ব তুলে ধরে বলেছেন, ইরান এই পানিপথে শত্রুর অপব্যবহার বন্ধ করে পারস্য উপসাগরীয় অঞ্চলকে নিরাপদ করবে এবং অঞ্চলের সব জাতির জন্য কল্যাণ ও উন্নয়ন বয়ে আনবে।

ইরানি এই জেনারেল পুনর্ব্যক্ত করেন যে, শক্তিশালী সশস্ত্র বাহিনী শত্রুর ওপর ইরানের কর্তৃত্ব ও গৌরব প্রতিষ্ঠা করবে।

আবদোল্লাহি বলেন, “যেকোনো ধরনের আগ্রাসনের জবাবে কঠোর ও জাহান্নামসম জবাব দিতে আমরা সম্পূর্ণ প্রস্তুত।”

ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরায়েলি অপরাধী আগ্রাসন ২৮ ফেব্রুয়ারি বিমান হামলার মাধ্যমে শুরু হয়, যেখানে ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলি খামেনেয়ীসহ ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা ও কমান্ডারদের হত্যা করা হয়।

এর জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চলসহ পুরো অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটি ও সম্পদের বিরুদ্ধে প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান চালায়।

এছাড়াও, ইরান হরমুজ প্রণালি বন্ধ করে ওই হামলার প্রতিশোধ নেয়, যার ফলে তেল ও এর উপজাত পণ্যগুলোর দাম উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়েছে। 

৮ এপ্রিল, যুদ্ধের চল্লিশতম দিনে, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়।#

 

পার্স টুডে/এমএএইচ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।