বন্যাদুর্গতদের পাশে ঢাকাস্থ ইরান দূতাবাস, পাঠাল জরুরি ত্রাণসামগ্রী
-
ত্রাণবাহী গাড়ির পাশে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি (বাম থেকে চতুর্থ)
বাংলাদেশে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস। দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, অন্যান্য মুসলিম দেশের দূতাবাসগুলোর সঙ্গে যৌথভাবে তারা বন্যাদুর্গত এলাকায় মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে দেশজুড়ে ভারী বর্ষণ এবং তার ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতিসহ বহু মানুষের প্রাণহানি ঘটেছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮। আর দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১২ লাখ ছাড়িয়ে যাওয়ার তথ্য দিয়েছে দুর্যোগ ব্যবাস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেছে ইরান দূতাবাস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি পুণ্যময় ও মানবিক উদ্যোগের অংশ হিসেবে ইরান দূতাবাসের পক্ষ থেকে বন্যাদুর্গত এলাকার মানুষের জন্য জরুরি ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, চিনি, বিশুদ্ধ খাবার পানিসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন সামগ্রী। ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে অন্যান্য মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে একাত্ম হয়ে এই খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছে দেওয়ার কাজ করছে দূতাবাস কর্তৃপক্ষ।#
পার্সটুডে/এমএআর/১৬